শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় আন্তধর্মীয় সংলাপ: সম্প্রীতি রক্ষায় ১১ দফার ঘোষণাপত্র স্বাক্ষর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় আন্তধর্মীয় সংলাপ: সম্প্রীতি রক্ষায় ১১ দফার ঘোষণাপত্র স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এক আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সংলাপের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাশ এবং সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, সুকুমার দাস বাচ্চু, হেনরি সরদার, আইনজীবী সোমনাথ ব্যানার্জি ও মাওলানা সাখাওয়াত উল্লাহ।
জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংলাপের মূল উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় ও জাতিগত সম্প্রীতির দেশ। কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। তবে কিছু বিপথগামী মানুষ ধর্মকে পুঁজি করে সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, যা রুখে দিতে ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। উসকানিমূলক কোনো গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করার এবং একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সংলাপ শেষে জেলার আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত একটি ঘোষণাপত্র তৈরি করা হয়, যেখানে উপস্থিত সকল প্রতিনিধি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সাতক্ষীরা ও কালিগঞ্জের বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং পিএফজি ও ওয়াইপিএজি সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মো. আবু তাহের।

Ads small one

প্রতাপনগরে সড়ক সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
প্রতাপনগরে সড়ক সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: জাতীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সড়ক সংস্কার ও ইটের সলিং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন সকাল ১০টায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
প্রতাপনগর বটতলার মোড় থেকে মুতায়াললিম জামে মসজিদ পর্যন্ত এই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী। নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সাবেক সভাপতি এসএম আক্তারুজ্জামান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহ, হাফেজ শহীদুল্লাহসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সড়কটি সংস্কারের ফলে স্থানীয় জনসাধারণের যাতায়াত আরও সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

মরিচ্চাপ নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে শ্রীকলস ফুটবল মাঠ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মরিচ্চাপ নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে শ্রীকলস ফুটবল মাঠ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের ঐতিহ্যবাহী শ্রীকলস ফুটবল মাঠটি (বালুর মাঠ) মরিচ্চাপ নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মাঠটির বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার (১৩ জুন) আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু ভাঙনকবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীকলস গ্রামের একমাত্র খেলাধুলার স্থান এই মাঠটি। গত এক বছর ধরে নদীর স্রোতের আঘাতে মাঠের উত্তর অংশে ভাঙন চলছে। বাঁধ রক্ষার জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এক বছরে মাঠের প্রায় ৫০ ফুট জায়গা নদীগর্ভে ধসে গেছে। বর্তমানে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্য এলাকাজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সামনে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পাইলিং ও জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, ভাঙনের তীব্রতা দেখে বিষয়টি নিয়ে তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, মাঠ কমিটির সভাপতি গাউসুল আজম, সহসভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য শাহীনুর ইসলাম প্রমুখ।

আশাশুনিতে শিক্ষকদের সঙ্গে যশোর বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
আশাশুনিতে শিক্ষকদের সঙ্গে যশোর বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মো. আব্দুস সালাম সাতক্ষীরার আশাশুনিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নিয়ে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ জুন) বিকেল চারটায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুষ্ঠু, নকলমুক্ত, ভীতিহীন পরিবেশে এবং নিয়মানুযায়ী এইচএসসি পরীক্ষা গ্রহণসহ পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রব, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, দরগাহপুর কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল, বড়দল কলেজের অধ্যক্ষ বাবলুর রহমান, বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার, গদাইপুর আবদুল লতিফ কলেজের অধ্যক্ষ, বদরতলা আদর্শ কলেজের অধ্যক্ষ, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক রবিউল ইসলাম এবং আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষকদের বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য শোনেন। তিনি কঠোরভাবে আইন মেনে কলেজ পরিচালনা এবং পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। এর আগে তিনি তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।