বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোমরপুরে চারদলীয় ফুটবল: তানজিদ হাসান একাদশ চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
কোমরপুরে চারদলীয় ফুটবল: তানজিদ হাসান একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধূলিহর কোমরপুর ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই খেলায় ট্রাইবেকারে বন্ধুমহল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রহ্মরাজপুরের তানজীদ হাসান ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের প্রথমার্ধের ৩৩ মিনিটে সাদ্দাম হোসেনের গোলে এগিয়ে যায় বন্ধুমহল ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধার্ধের ৭ মিনিটে আবু রায়হানের গোলে সমতায় ফেরে তানজিদ হাসান ফুটবল একাডেমি। খেলা পরিচালনা করেন সুকান্ত মল্লিক এবং তাঁকে সহযোগিতা করেন মো. মিজানুর রহমান ও মো. সুজন হোসেন।
কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকদীর আহসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আশরাফুজ্জামান খোকন, আবু ওয়াহিদ বাবলু ও ফারুক হোসেন মিঠু। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাঁরা কোমরপুর ফুটবল ক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

Ads small one

সাতক্ষীরা-খুলনা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরা-খুলনা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা মহাসড়কের বিনেরপোতা অংশে রাস্তার পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি ও ডালপালা কেটে অপসারণ করলে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ অপসারণের পর বর্তমানে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখবর দিয়েছে ক্রাইম বার্তা নামক একটি ফেইসবুক পেইজ।

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (এফআইআপ নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ রয়েছে।

২০২৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৯ মার্চ দায়ের করা মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-৬৭) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়। একই বছরের ২ জুন দায়ের করা অপর একটি মামলায় (এফআইআর নং-৫, জিআর নং-১৮৫) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি পৃথক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় (জিআর নং-১৪৮) দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়েছিল। অপর মামলাটি (এফআইআর নং-০৯, জিআর নং-১০৮) দায়ের করা হয় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায়। এ মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার

এতদিন নতুন কোনও জায়গায় ভ্রমণ কিংবা একাধিক গন্তব্য ঘুরে দেখার পরিকল্পনা করতে হলে আগে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য খুঁজে সময়সূচি তৈরি করতে হতো। কোন পথে গেলে সময় কম লাগবে, কোথায় যাত্রা-বিরতি নেওয়া যাবে কিংবা গন্তব্যে পৌঁছানোর পর জায়গাটি খোলা থাকবে কি না, এসব বিষয়ও আলাদাভাবে যাচাই করতে হতো।

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় এসব কাজ সহজ করতে গুগল ম্যাপসে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। ‘আস্ক ম্যাপস’নামের এআইভিত্তিক সুবিধাটি ব্যবহার করে একাধিক গন্তব্যের ভ্রমণসূচি ও বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যাবে। পাশাপাশি যাত্রাপথের যানজট, গন্তব্যের খোলার সময়সহ বিভিন্ন আপডেটেড তথ্যও পাওয়া যাবে।

গুগলের জেমিনাই এআই প্রযুক্তিনির্ভর আস্ক ম্যাপস ব্যবহার করে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়েই ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যাবে। যেমন, কেউ তিন দিনের রোডট্রিপের জন্য সমুদ্রসৈকত, পাহাড়ি পথে হাঁটা এবং সমুদ্রের পাশে খাবারের রেস্তোরাঁ ঘুরে দেখার পরিকল্পনা চাইলে ম্যাপস প্রতিদিনের জন্য আলাদা সময়সূচি তৈরি করে দেবে। এতে প্রতিটি গন্তব্যের অবস্থান নম্বরযুক্ত পিনের মাধ্যমে ম্যাপে দেখানো হবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বোঝা যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যাবে। কম্পিউটার থেকে সেটি গুগল ডকসেও এক্সপোর্ট করার সুবিধাও রয়েছে।

ভ্রমণের সময়ও পরিকল্পনা অনুযায়ী তথ্য পাওয়া যাবে। আস্ক ম্যাপসের চ্যাটের হিস্ট্রিতে থাকা ‘ইটিনারারি’অপশন থেকে আগের তৈরি ভ্রমণসূচি খোলা যাবে। এরপর প্রতিটি গন্তব্যে যাওয়ার আগে সরাসরি যানজটের অবস্থা, সংশ্লিষ্ট দোকান বা রেস্তোরাঁ খোলা আছে কি না এবং পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন, সে সম্পর্কে তথ্য দেখাবে ম্যাপস। প্রয়োজনে কথোপকথনের মাধ্যমেই ভ্রমণসূচিতে নতুন কোনও দর্শনীয় স্থান বা খাবারের জায়গা যুক্ত করা যাবে। এরপর নির্দিষ্ট গন্তব্যে ট্যাপ করলেই সেখানে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে।

এ ছাড়া গুগল ম্যাপসে সেভ করা পছন্দের জায়গাগুলোর তালিকা থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে। যেমন, সেভ করা রেস্তোরাঁগুলোর মধ্যে কোনটিতে পাঁচজনের জন্য পরবর্তী ৩০ মিনিটের মধ্যে আসন পাওয়া যাবে বা আলাদা কোন রিজার্ভেশন আছে কি না, তা জানা যাবে। নতুন এআই সুবিধার মাধ্যমে পার্লারে রূপচর্চা, পোষা প্রাণীর পরিচর্যা, গাড়ি মেরামতের মতো সেবার জন্য অনলাইনে নির্দিষ্ট সময় খুঁজে দেবে গুগল ম্যাপস। প্রয়োজনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে ফোন করে ব্যবহারকারীর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের সময়ও নির্ধারণ করতে পারবে।

গত ১৬ নভেম্বর থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধাগুলো চালু করা শুরু হয়েছে। ভ্রমণসূচি তৈরি ও সেভ করা তালিকা অনুসন্ধানের সুবিধা আস্ক ম্যাপস চালু রয়েছে এমন ২০০টির বেশি দেশ ও অঞ্চলে পাওয়া যাবে। পাশাপাশি ইউরোপের ৩০টি দেশে আস্ক ম্যাপস সম্প্রসারণ করছে গুগল। তবে যাত্রাপথের অতিরিক্ত তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।