খাজরায় সড়ক কার্পেটিংয়ের উদ্যোগ, চলছে জরিপ কাজ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দীর্ঘদিনের জরাজীর্ণ চেউটিয়া-খাজরা সড়কটি কার্পেটিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে সড়কটির সংস্কার কাজের প্রাথমিক ধাপ হিসেবে জরিপ বা সার্ভে কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পিরোজপুর এলাকার সাইফুল্লাহ গাজীর বাড়ি হতে খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রচেষ্টায় ১০ ফুট প্রস্থের এই সড়কটি এখন ইটের সোলিং (এইচবিবি) থেকে কার্পেটিংয়ে উন্নীত করা হচ্ছে।
শুক্রবার সকালে জপুর যজ্ঞ মন্দিরের সামনে এলজিইডির প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যদের উপস্থিতিতে মাপজোক শুরু হয়। এলজিইডি কর্মকর্তারা জানান, জরিপের তথ্যের ভিত্তিতে দ্রুতই প্রাক্কলন (এস্টিমেট) ও বাজেট প্রস্তুত করে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে। সড়কটি আধুনিকায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।






