খুলনা বিভাগে মাদকবিরোধী অভিযানে ৪৩৬ জন গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত ১ হাজার ৩৪২টি অভিযানে ৪৩৮টি মামলা দায়ের এবং ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, মাদক অনেক অপরাধের অন্যতম কারণ। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও জানানো হয়, অক্টোবর মাসে বিভাগের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ, লিফলেট, পিভিসি বোর্ড, ডিসপ্লে স্ট্যান্ড, স্টিকার ও ফোল্ডার বিতরণ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী প্রচার কার্যক্রম আরও কার্যকর করার কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।












