খুলনা রাইটার্স ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খুলনা রাইটার্স ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ক্লাবের নিজস্ব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি বেনজির আহমেদ জুয়েল। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অর্পণ-উজ-জ্জামান এবং প্রাবন্ধিক ও গবেষক অরবিন্দ মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা কবি, লেখক ও গবেষক ডি কে মণ্ডল।
অনুষ্ঠানে বক্তব্য দেন কবি মিনু পাল, রম্যলেখক প্রদীপ সাহা, মেহেদী মুকুট, এম এম হাসান, তীর্থ অধিকারী ও কবি সিকানদার কবিরসহ অন্যরা।
প্রধান অতিথি আহমদ আলী খান বলেন, খুলনা রাইটার্স ক্লাব দীর্ঘ ৩৫ বছর ধরে কাব্য ও সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছে। তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা শেষে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। প্রেসবিজ্ঞপ্তি







