বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে

যাত্রাপথে চলমান গাড়িতে অবস্থানরত অবস্থায় ফোনের পর্দায় দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে অনেকের মধ্যেই মাথা ঘোরা, বমিভাব বা অস্বস্তির প্রবণতা দেখা যায়। চোখের সাপেক্ষে ফোনের পর্দা স্থিরাবস্থায় দেখা গেলেও, মানবশরীর ও কানের ভারসাম্যব্যবস্থা গাড়ির গতি, বাঁক ও থামার পরিবর্তন বুঝতে পারে। চোখ ও শরীরের মস্তিষ্কে প্রেরিত সংকেতের গড়মিলের কারণেই মূলত কিছু যাত্রী মোশন সিকনেস অনুভব করে থাকেন। তবে এই সমস্যা কমাতে অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে গুগলের ‘মোশন অ্যাসিস্ট’ সুবিধা।

গুগলের এই সুবিধাটি চালু করলে ফোনের পর্দার দুই পাশে ছোট ছোট বুদবুদের মতো চিহ্ন দেখা যায়। ফোনের মোশন সেন্সর গাড়ির গতিবিধি শনাক্ত করে এসব আকৃতিকে রিয়েল-টাইমে সেই অনুযায়ী নড়াচড়া করায়। গাড়ি বাঁক নিলে, গতি বাড়ালে বা ব্রেক করলে পর্দার প্রান্তে থাকা চিহ্নগুলোর অবস্থানও পরিবর্তিত হয়। এর মাধ্যমে চোখে দেখা দৃশ্য ও শরীরের অনুভূত গতির মধ্যে পার্থক্য কমিয়ে মস্তিষ্ককে দুই ধরনের সংকেতের সঙ্গে সামঞ্জস্য করতে সহায়তা করাই এই ফিচারের মূল উদ্দেশ্য। পর্দার মাঝখানের অংশে এসব চিহ্ন না থাকায় ব্যবহারকারী অনায়াসে ফোনে নিজের কাজ করতে পারবেন।

মোশন অ্যাসিস্ট ব্যবহার করতে ফোনে অ্যান্ড্রয়েড ১৭ বা পরবর্তী সংস্করণ এবং আপডেটেড গুগল প্লে সার্ভিস থাকতে হবে। ফিচারটি প্রথমে পিক্সেল ফোনে চালু হলেও পরে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধাটি ধাপে ধাপে নিয়ে আসে গুগল। স্যামসাং ফোনে সুবিধাটি ব্যবহার করতে চাইলে ওয়ান ইউআই ৯ প্রয়োজন হতে পারে। ফোনভেদে সেটিংসের নাম বা অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে।

অ্যান্ড্রয়েড ফোনে মোশন অ্যাসিস্ট চালু করতে প্রথমে ‘সেটিংস’ অ্যাপে গিয়ে সার্চ বক্সে ‘মোশন অ্যাসিস্ট’ লিখে খুঁজতে হবে। ফোনটি ফিচারটি সমর্থন করলে সার্চ ফলাফল থেকে ‘মোশন অ্যাসিস্ট’ নির্বাচন করে সেটি চালু করা যাবে। তবে সব অ্যান্ড্রয়েড ফোনে সুবিধাটি পাওয়া যাবে না। ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ ও নির্মাতার সফটওয়্যারের ওপর ভিত্তি করে ফিচারটি নাও থাকতে পারে। তাই সেটিংসে সার্চ করার পর ‘মোশন অ্যাসিস্ট’ অপশন না পাওয়া গেলে ওই ফোনে বর্তমানে সুবিধাটি সমর্থিত নয় বলে ধরে নেওয়া যেতে পারে।

গাড়িতে উঠলেই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু করতে ‘স্টার্ট ইন আ মুভিং ভেহিকল’ অপশনটি সক্রিয় করা যাবে। তবে ফোন সব সময় গাড়ির গতিবিধি সঠিকভাবে শনাক্ত করতে নাও পারে। এ কারণে দ্রুত ব্যবহারের জন্য ‘কুইক সেটিংস’-এ মোশন অ্যাসিস্টের টাইল যুক্ত করে রাখা যেতে পারে। এতে যেকোনো পর্দা থেকে দ্রুত ফিচারটি চালু বা বন্ধ করা সম্ভব হবে।

এ ছাড়া ‘কাস্টমাইজ’ অপশন থেকে পর্দার দুই পাশে প্রদর্শিত আকৃতিগুলোর রং, আকার ও স্বচ্ছতার মাত্রা পরিবর্তন করা যাবে। ‘র‍্যান্ডমাইজেশন’ চালু করলে নির্দিষ্ট সময় পরপর এসব আকৃতির রং ও ধরন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। তবে মোশন অ্যাসিস্ট মূলত গাড়ির যাত্রীদের জন্য তৈরি। তাই গাড়ি চালানোর সময় চালকের এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Ads small one

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক কার্যকরের আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক কার্যকরের আহ্বান

পত্রদূত ডেস্ক: শিশুদের জন্য দ্রুত, নিরাপদ ও শিশুবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধ এবং শিশুবান্ধব পুলিশি সেবা জোরদারে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এ আহ্বান জানানো হয়।
রাইটস যশোরের উদ্যোগে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ও সদর থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন। সভায় ২০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিশু নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও যৌন শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে থানায় কার্যকর চাইল্ড হেল্প ডেস্ক প্রয়োজন। ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকেরা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য থানায় নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সভা সঞ্চালনা, প্রকল্প উপস্থাপন ও কর্মশালা পরিচালনা করেন রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান আতিক। সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সভায় জানানো হয়, দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে আশ্রয়কেন্দ্র (শেল্টার হোম) স্থাপনের সুপারিশ করবে রাইটস যশোর।

মনিরামপুরে দলিত শিক্ষার্থীদের বোর্ড ফি ও শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
মনিরামপুরে দলিত শিক্ষার্থীদের বোর্ড ফি ও শিক্ষা উপকরণ বিতরণ

মনিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মনিরামপুরে দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর ২০ শিক্ষার্থীকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার বোর্ড ফি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বেসরকারি সংস্থা দলিতের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্থার আন্ডার-প্রিভিলেজড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউসিডিপি) আওতায় শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিতের প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এ সময় দলিতের প্রোগ্রাম অর্গানাইজার অঞ্জনা দাসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় সড়ক নিরাপত্তায় বিআরটিএর উদ্যোগ, প্রশিক্ষণ পেলেন ৬৩ চালক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সড়ক নিরাপত্তায় বিআরটিএর উদ্যোগ, প্রশিক্ষণ পেলেন ৬৩ চালক

 

নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাতক্ষীরায় ৬৩ জন পেশাজীবী গাড়িচালককে রিফ্রেশার প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের সচেতন করতে রোড শো, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এতে সহযোগিতা করে।

সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে চালকদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো ও দুর্ঘটনা প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক রাজিউজ্জামান ও বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক।

দুপুরে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়। এ সময় লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে নির্ধারিত গতিসীমা মেনে চলা, অপ্রয়োজনে ওভারটেকিং না করা, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক সংকেত অনুসরণ এবং নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় চালক, যাত্রী ও পথচারীÑসবার সচেতনতা জরুরি। প্রশিক্ষণ, আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। তাই এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।