বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা

আইএএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে হায়দরাবাদে গিয়েছিলেন সন্দীপ জাঙ্গালা। কিন্তু ভালো র‍্যাংক পাননি তিনি। প্রথম প্রযুক্তি স্টার্টআপ ছাড়ার পর স্ত্রী সোনিয়া লাম্বার সঙ্গে নতুন পথ খুঁজে পান। ২০২২ সালে এ দম্পতি শুরু করেন ‘ইয়াম্মি বি’ নামের একটি খাদ্য ব্যবসা, যেখানে চিনি, ময়দা, গ্লুটেন ও প্রিজারভেটিভ ছাড়া ডেজার্ট তৈরি হয়।

মেয়ের জন্য স্বাস্থ্যকর মিষ্টি খুঁজতে গিয়েই ব্যবসার ভাবনা আসে। জন্মদিনের কেক কেনার সময়ও সন্দীপ ও সোনিয়া অনাকাঙ্ক্ষিত উপাদান এড়াতে ঘরে তৈরি কেক বেছে নিতেন। এতে নিজের রান্নাঘরেই স্বাস্থ্যকর খাবার বানানোর চেষ্টা শুরু করেন সন্দীপ।

স্টার্টআপ পিডিয়াকে সন্দীপ জাঙ্গালা বলেন, আমাদের বাচ্চাদের জন্য আমরা সবসময় স্বাস্থ্যকর কিছু চেয়েছি। কেক দিতে হলেও প্রিজারভেটিভ এড়াতে আমরা ঘরে বানানো কেকই বেছে নিতাম। আমরা এমন খাবার পরিবেশন করতে চেয়েছি, যা নিজেদের পরিবার ও সন্তানদেরও খাওয়াতে পারি।

পরীক্ষা-নিরীক্ষা চালাতে চালাতে দম্পতি এটিকে ব্যবসায় রূপ দেওয়ার সুযোগ দেখেন। তারা এমন ডেজার্ট দিতে চেয়েছিলেন, যা স্বাস্থ্যকর, কিন্তু স্বাদেও ভালো। সন্দীপ জাঙ্গালা বলেন, আমরা রেসিপিতে পরিশোধিত চিনি, ময়দা ও প্রিজারভেটিভ এড়াই। এর বদলে মিলেটভিত্তিক উপাদান ও বিকল্প মিষ্টি ব্যবহার করি।

ক্যাফে খুলতে বড় অঙ্কের টাকা খরচ না করে সন্দীপ ও সোনিয়া প্রথমে ক্লাউড কিচেন হিসেবে ইয়াম্মি বি শুরু করেন, মানুষের সাড়া দেখতে। সাড়া প্রত্যাশার চেয়ে ভালো মেলে। এতে ব্যবসা এগিয়ে নেওয়ার আত্মবিশ্বাস পান তারা। এরপর হায়দরাবাদে প্রথম ফিজিক্যাল স্টোর খোলেন।

ক্যাফেটি সেলিব্রিটিদেরও আকর্ষণ করতে শুরু করে। এতে প্রয়োজনীয় মনোযোগ মেলে এবং ব্যবসা বড় করতে সন্দীপ ও সোনিয়া উৎসাহ পান। হায়দরাবাদের সাড়া দেখে তারা বেঙ্গালুরুতে আরেকটি আউটলেট খোলার সিদ্ধান্ত নেন।

দুই জায়গায় খাবার তৈরি সামলাতে প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় রান্নাঘর ব্যবস্থা ব্যবহার করে। অর্থাৎ দুই শহরের প্রতিটি দোকানে আলাদা করে না বানিয়ে একটি প্রধান রান্নাঘরেই খাবার তৈরি হয়।

ব্যবসা বড় করার আগে রান্নাঘরের সুবিধা তৈরি ও নতুন পণ্য উন্নয়নে সন্দীপ জাঙ্গালা ও সোনিয়া লাম্বা প্রথমে প্রায় ১ কোটি রুপি খরচ করেন। সন্দীপের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে ইয়াম্মি বি প্রায় ২৩ কোটি রুপি রাজস্ব আয় করেছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্যমান প্রায় ১৩০ কোটি রুপি।

সূত্র: এনডিটিভি

Ads small one

দেশের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন।

ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

Google News Logoবাং

সম্পাদকীয়/ প্রসঙ্গ: পদ্মপুকুরের বেড়িবাঁধ রক্ষা ও উপকূলবাসীর স্থায়ী নিরাপত্তার প্রশ্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: পদ্মপুকুরের বেড়িবাঁধ রক্ষা ও উপকূলবাসীর স্থায়ী নিরাপত্তার প্রশ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নকে ঘিরে থাকা কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী উপকূলীয় জনপদের মানুষের কাছে যেন এক অনন্ত আতঙ্কের নাম। দ্বীপসম এই ইউনিয়নের মানুষের টিকে থাকার লড়াই এবং ঘরবাড়ি, ফসলি জমি ও চিংড়িঘের রক্ষার একমাত্র অবলম্বন চারপাশের এই বেড়িবাঁধ। কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত উপকূল দিবসের পরও পদ্মপুকুরের বেড়িবাঁধের নাজুক পরিস্থিতি এবং নতুন করে মাটি সরে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ভয় ও উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। স্বাধীনতার পর থেকে তিনবার পুরো বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার ভয়াবহ ইতিহাস বহনকারী এই জনপদের মানুষ আজও প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।

২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার আঘাতে পদ্মপুকুরের বেড়িবাঁধ ভেঙে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল, তা আজও মানুষের স্মৃতিতে অম্লান। দীর্ঘদিন পানিবন্দি জীবন এবং সর্বস্ব হারানোর সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নদীভাঙন ও বাঁধের ভঙ্গুর দশা নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চাউলখোলা, খুটিকাটা, ঝাপা ও কামালকাটির বিভিন্ন অংশে বাঁধের মাটি সরে যাওয়া এবং ধসের উপক্রম হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। নদীভাঙনের প্রাকৃতিক ঝুঁকির পাশাপাশি মানবসৃষ্ট কিছু ত্রুটি এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বিশেষ করে চিংড়িঘেরে নদীর পানি তোলার জন্য বেড়িবাঁধের ওপর অবৈধভাবে পাইপ বসানো এবং কোথাও কোথাও বাঁধ কেটে ফেলার মতো দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বাঁধের ভিত্তি দুর্বল করে দিচ্ছে। স্লুইসগেটগুলোর কার্যকারিতা নষ্ট থাকায় ঘেরের মালিকেরা বাধ্য হয়ে এসব অবৈধ পাইপের ওপর নির্ভর করছেন বলে অভিযোগ রয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড অতীতে অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ নিয়েছিল, তবে উচ্চ আদালতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে সেই অভিযান থমকে আছে। আইনগত জটিলতা ও প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রতার সুযোগে বাঁধের মতো জীবন রক্ষাকারী অবকাঠামোকে এভাবে ঝুঁকিপূর্ণ করে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মাথায় রেখে ভাঙনের পর কেবল জোড়াতালি দিয়ে মাটি ফেলার গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। পদ্মপুকুরের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে অবিলম্বে টেকসই ও মজবুত সংস্কারকাজ শুরু করা সময়ের সবচেয়ে বড় দাবি। একই সঙ্গে চিংড়িঘেরে পানি সরবরাহের জন্য বিকল্প ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ পাইপ অপসারণের জট দ্রুত খুলতে হবে। উপকূলের মানুষের জীবন-জীবিকা ও মৌলিক নিরাপত্তার প্রশ্নটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

সংবাদদাতা: ‘উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিবসটি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এত বছর পরও উপকূলের প্রায় পাঁচ কোটি মানুষ অরক্ষিত অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসী প্রতিনিয়ত নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জন্য সাময়িক ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে আলাদা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি।