বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
চেন্নাইয়ে কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন লিভার ডোনেট করবেন

লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। চেন্নাইয়ে নেওয়ার পর নতুন চিকিৎসাপ্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে চিকিৎসকেরা জানান, প্রথমে তার ফুসফুসের চিকিৎসা করা হবে, এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট।

এর আগে, সোমবার (১১ মে) রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা। এসময় তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই। তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার কায়সার হামিদ বলেন, ‘ওখানে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। আগে ফুসফুসের সমস্যাটা সামাল দিচ্ছেন। এরপর লিভারে অপারেশন করা হবে। প্রেশার নিয়ন্ত্রণে আছে। হৃৎপিণ্ড, কিডনিসহ বাকি সব ঠিক আছে।’

তিনি জানান, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল বলে ভারতের চিকিৎসকেরা মত দিয়েছেন। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে। ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।

এ বিষয়ে কায়সার হামিদ বলেন, ছোট ছেলে সাদাত হামিদের রক্তের গ্রুপ কারিনার সঙ্গে মিলেছে, তবে দুই ভাইয়েরই প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এর আগে রোববার কায়সার হামিদ জানিয়েছিলেন, মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তরা তার সুস্থতা কামনা করছেন।

Ads small one

নৈরাজ্য ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
নৈরাজ্য ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

oplus_0

সংবাদদাতা: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ নানা এলাকায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি এবং তা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাসসহ বিভিন্ন জনপদে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়লেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসসহ সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না প্রমুখ।

 

আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
আশাশুনিতে রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এ পদ্ধতিতে সরিষা চাষ করে অনেক কৃষক পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সরিষা বিক্রি করতে পারছেন। ফলে দিন দিন এ চাষের প্রতি আগ্রহ বাড়ছে।

উপজেলায় আমন মৌসুম শেষ পর্যায়ে থাকায় কৃষকেরা ধান কাটতে শুরু করেছেন। এ বছর উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফসলের উৎপাদনও ভালো হয়েছে। ইতিমধ্যে ২৩ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

কৃষকেরা ধান কাটার বেশ আগে থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমন আবাদ করা জমিতে রিলে ক্রপ হিসেবে ধান কাটার ৭ থেকে ১০ দিনের মধ্যে সরিষার বীজ বপনের পরামর্শ দিয়ে আসছেন। এ ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় উদ্বুদ্ধ হয়ে কৃষকেরা রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে এগিয়ে এসেছেন। গত বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে এ পদ্ধতিতে সরিষা চাষ করা হয়েছিল। এ বছর ১০০ হেক্টর বৃদ্ধি পেয়ে ৬১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগ্রহী কিছু কৃষককে সরিষার বীজ সহায়তা দেওয়া হয়েছে। অন্য আগ্রহী কৃষকদের তালিকা তৈরির কাজও চলছে। চাষাবাদ ফলপ্রসূ হলে এ বছর প্রতি হেক্টরে ২ দশমিক ২০ মেট্রিক টন করে সরিষা উৎপাদিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা জানান, সরকার বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ ও সার সহায়তা দিচ্ছে। সঠিক কৃষক নির্বাচনের মাধ্যমে রিলে ফসল এবং যেখানে চাষের সুযোগ রয়েছে, সেখানে সরিষা উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় আশাশুনিতে এ বছর ১০০ হেক্টর জমিতে সরিষার আবাদ বাড়বে।

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে রূপান্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পানিসম্পদ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা ও আইনকানুন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হাসান উদয়।

গফুর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কনটাক্ট বাংলাদেশের কনসোর্টিয়ামের সহযোগিতায় আয়োজিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেটর (এসডিএল) মো. আলম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউওএমও মো. শোকর আলীসহ কমিটির সদস্যরা। সভায় কমিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরবর্তী পরিকল্পনা তুলে ধরা হয়।