জননী সাহসিকা: কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
তারিক ইসলাম
বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন ও মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সী নারী চিরস্মরণীয় হয়ে আছেন, কবি বেগম সুফিয়া কামাল তাঁদের অন্যতম। একদিকে তিনি ছিলেন সংবেদনশীল কবি, অন্যদিকে অন্যায়, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী কণ্ঠ। তাঁর জীবন ও কর্ম কেবল সাহিত্যিক মূল্যেই সীমাবদ্ধ নয়; বরং তা বাঙালির আত্মপরিচয়, মুক্তিসংগ্রাম এবং নারীর অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। সে সময় বাঙালি মুসলিম সমাজে নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। অন্দরমহলের কঠোর পর্দাপ্রথা ও সামাজিক বিধিনিষেধের মধ্যেও তিনি নিজের চেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্যচর্চা করেন। মায়ের অনুপ্রেরণা এবং পরবর্তী সময়ে বেগম রোকেয়া ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও চিন্তাধারা তাঁর মানসজগৎ নির্মাণে গভীর প্রভাব ফেলে। ১৯৩৮ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ বাংলা সাহিত্যে তাঁকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’ ও ‘উদাত্ত পৃথিবী’র মতো কাব্যগ্রন্থে তিনি প্রকৃতি, প্রেম, মানবতা ও জীবনবোধের নানা দিক তুলে ধরেন।
তবে সুফিয়া কামাল কেবল কবিতার জগতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। দেশ, জাতি ও মানুষের অধিকার যখন সংকটে পড়েছে, তখন তিনি সাহিত্যচর্চার পাশাপাশি প্রতিবাদ ও আন্দোলনে সক্রিয় হয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর অংশগ্রহণ এবং নারীদের সংগঠিত করার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৬১ সালে পাকিস্তানি শাসকদের বাধা উপেক্ষা করে রবীন্দ্রজন্মশতবার্ষিকী উদ্যাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর এসব উদ্যোগ ছিল বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ।
বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনেও সুফিয়া কামালের অবদান স্মরণীয়। নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীদের সংগঠিত করার লক্ষ্যে তিনি ১৯৭০ সালে বাংলাদেশ মহিলা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাত্তরের অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় অবস্থান করেও মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশেও সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা অব্যাহত ছিল। বয়সের ভার তাঁকে কখনো আন্দোলন থেকে সরিয়ে রাখতে পারেনি। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্বে বের হওয়া নীরব মিছিল গণতন্ত্র ও প্রতিবাদের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন অবস্থানের জন্য জাতি তাঁকে ভালোবেসে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করেছে।
সুফিয়া কামাল আমৃত্যু নারীর সমঅধিকার, গণতন্ত্র, মানবিকতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর সাহিত্য ও সমাজকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।
১৯৯৯ সালের ২০ নভেম্বর এই মহীয়সী নারী পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তাঁর সাহিত্য, আদর্শ ও সংগ্রামী জীবন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। বর্তমান সময়ে যখন সমাজে অসহিষ্ণুতা, বৈষম্য ও নারীর প্রতি অবিচার নানা রূপে ফিরে আসছে, তখন সুফিয়া কামালের জীবনাদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং অধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকা মানুষের নৈতিক দায়িত্ব।
নতুন প্রজন্মের কাছে সুফিয়া কামালের সাহিত্য, জীবন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে। কারণ তিনি শুধু একজন কবি নন, তিনি সাহস, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদের এক অনন্য প্রতীক।












