ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ
পত্রদূত রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ-২০২৬ ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হবিব বলেন, বিগত ২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতক্ষীরা থেকে বেনাপোল একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঝাউডাঙ্গা কলেজের সামনে দীর্ঘ ১১ ঘণ্টা কোন একটি কারণে রাস্তায় আটকে ছিলেন। আমি সেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার স্মরণে এই কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণ করে দেবো, ইনশাল্লাহ। এছাড়া কলেজের ভবন সংস্কারে বরাদ্দ দেওয়ারও আশ্বাস দেন তিনি।
নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে তোমরাই আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি এসময় নতুন পুরাতন সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রত্যককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান প্রভাষক আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের উপধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম, কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় সেখানে ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।












