রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়

সচ্চিদানন্দ দে সদয়

ডায়াবেটিস এখন আর কেবল একটি রোগের নাম নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস, কর্মক্ষমতা, পারিবারিক অর্থনীতি ও সামাজিক বাস্তবতার সঙ্গে জড়িয়ে পড়া দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। বয়স, পেশা কিংবা আর্থিক অবস্থার ভেদাভেদ না মেনে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শহর থেকে গ্রাম—কেউই এর ঝুঁকির বাইরে নন। অথচ এ রোগ সম্পর্কে সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের গুরুত্ব অনেকেই যথাযথভাবে উপলব্ধি করেন না।

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আমাদের প্রত্যাশা, দিনটি যেন শুধু আনুষ্ঠানিক আলোচনা, ব্যানার, পোস্টার কিংবা বিনা মূল্যে রক্তের শর্করা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা ও রোগীদের জীবনমান উন্নয়নে বাস্তব উদ্যোগ নেওয়ার উপলক্ষ হয়ে উঠুক।

ডায়াবেটিসের উদ্বেগজনক দিক হলো, অনেক ক্ষেত্রে দীর্ঘদিন কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই রোগটি শরীরে বিস্তার লাভ করে। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ক্ষুধা বৃদ্ধি, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি কিংবা ক্ষত শুকাতে দেরি হওয়ার মতো লক্ষণ দেখা দিলেও অনেকে গুরুত্ব দেন না। কেউ বয়সজনিত সমস্যা, আবার কেউ সাময়িক শারীরিক দুর্বলতা মনে করে বিষয়টি এড়িয়ে যান। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয়। অথচ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চোখ, কিডনি, হৃদ্‌যন্ত্র, স্নায়ু ও রক্তনালির মারাত্মক ক্ষতি করতে পারে। বাড়তে পারে অন্ধত্ব, কিডনি বিকল হওয়া, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি।

আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে—ডায়াবেটিস মানেই মিষ্টি খাওয়া বন্ধ। বাস্তবে বিষয়টি আরও বিস্তৃত। পরিমিত ও সুষম খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা ডায়াবেটিস নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ শর্ত।

আধুনিক জীবনযাত্রা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ। শারীরিক পরিশ্রম কমে যাওয়া, দীর্ঘ সময় বসে থাকা, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার, কোমল পানীয়, ফাস্টফুড ও অনিয়মিত ঘুম শরীরের স্বাভাবিক বিপাকপ্রক্রিয়াকে প্রভাবিত করছে। গ্রামবাংলার জীবনেও এসেছে পরিবর্তন। আগে কৃষিকাজ, হাঁটাচলা ও দৈহিক শ্রম ছিল মানুষের জীবনের স্বাভাবিক অংশ। এখন অনেকেই অল্প দূরত্বেও যানবাহনের ওপর নির্ভরশীল। খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। এসব কারণে বাড়ছে অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসের ঝুঁকি।

তবে আশার কথা, টাইপ-২ ডায়াবেটিসের অনেক ঝুঁকি জীবনযাত্রায় পরিবর্তন এনে কমানো সম্ভব। নিয়মিত হাঁটা, শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় পানীয় এড়িয়ে চলা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন।

ডায়াবেটিস মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো চিকিৎসাসেবার সহজলভ্যতা। শহরের মানুষ তুলনামূলকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা ও আধুনিক চিকিৎসার সুযোগ বেশি পান। কিন্তু গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। অনেকেই জানেন না কোথায় পরীক্ষা করাতে হবে, কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিংবা কীভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে।

দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য দীর্ঘদিন ওষুধ কেনা, ইনসুলিন ব্যবহার, রক্তের শর্করা পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা করানো ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। অর্থাভাবে অনেক রোগী চিকিৎসা অনিয়মিত করেন। কেউ কেউ আবার পরিচিতজনের পরামর্শে ওষুধ পরিবর্তন করেন, যা বিপজ্জনক হতে পারে।

সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়াবেটিস শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার সুযোগ বাড়ানো জরুরি। প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা প্রয়োজন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু চিকিৎসকের পরামর্শ যথেষ্ট নয়; পরিবারের সহযোগিতাও জরুরি। একজন রোগীকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে, অথচ পরিবারের অন্য সদস্যরা আগের মতো অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ করবেন—এভাবে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। পরিবারের সবাই সচেতন হলে রোগীর জন্য নিয়ম মেনে চলা সহজ হয়।

বিশেষ করে শিশু-কিশোরদের খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ডের দিকে নজর দেওয়া জরুরি। বিদ্যালয়ে স্বাস্থ্যশিক্ষা, খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার পরিবেশ তৈরি করতে হবে। কর্মক্ষেত্রেও কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম থাকা প্রয়োজন। ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা দূর করা, চিকিৎসকের পরামর্শভিত্তিক তথ্য প্রকাশ এবং প্রতিরোধের উপায় সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডায়াবেটিস সচেতনতা দিবসে আমাদের প্রত্যাশা, প্রত্যেক মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন। প্রয়োজন অনুযায়ী আগেভাগে ডায়াবেটিস পরীক্ষা করাবেন। রোগ শনাক্ত হলে ভয় কিংবা লজ্জায় চিকিৎসা গোপন না করে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন। ডায়াবেটিসের চিকিৎসা যেন কেবল সচ্ছল মানুষের অধিকার হয়ে না থাকে। দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী পরীক্ষা, ওষুধ ও ইনসুলিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি রোগীদের নিয়মিত পরামর্শ ও ফলোআপের ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সবচেয়ে বড় কথা, ডায়াবেটিসকে ঘিরে ভয়, অবহেলা ও ভুল ধারণার পরিবর্তে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে। ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় না হলেও সঠিক চিকিৎসা ও জীবনযাপনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তাই ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়। বরং রোগটি সম্পর্কে জানা, সময়মতো শনাক্ত করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মধ্যেই রয়েছে সুস্থ থাকার পথ।

আমাদের চাওয়া ও পাওয়ার মধ্যে ব্যবধান কমাতে হলে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ সুস্থ মানুষই একটি সুস্থ পরিবার, সুস্থ সমাজ ও কর্মক্ষম জাতি গঠনের ভিত্তি। ডায়াবেটিস সচেতনতা দিবসের অঙ্গীকার হোক—রোগকে অবহেলা নয়, সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ।

লেখক: সংবাদকর্মী

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।