আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে স্বাধীনতার লড়াই: মতিউর রহমান আজও প্রাসঙ্গিক
তারিক ইসলাম
বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে কিছু নাম কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মে সাহস, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক হয়ে বেঁচে থাকে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তেমনই এক অনন্য নাম। ১৯৭১ সালে একটি যুদ্ধবিমান নিয়ে মাতৃভূমির স্বাধীনতাযুদ্ধে শামিল হওয়ার তাঁর প্রচেষ্টা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক সাহসী অধ্যায়। দেশের ভবিষ্যৎ, নৈতিকতা ও জাতীয় দায়িত্ববোধ নিয়ে ভাবনার এই সময়ে তাঁর জীবন ও আদর্শ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে, যা বর্তমানে মতিউর নগর নামে পরিচিত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, দৃঢ়চেতা ও খেলাধুলাপ্রিয়। ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ার সময় থেকেই তাঁর মনে বৈমানিক হওয়ার স্বপ্ন জাগে। সেই স্বপ্ন পূরণে তিনি পাকিস্তানের সারগোদায় বিমানবাহিনী স্কুলে ভর্তি হন। গ্লাইডার প্রশিক্ষণে দক্ষতা অর্জনের পর ১৯৬০ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করেন। একই বছরের ১৫ আগস্ট ফ্লাইট ক্যাডেট হিসেবে রিসালপুর বিমানবাহিনী একাডেমিতে যোগ দেন। ১৯৬৩ সালে পাইলট হিসেবে কমিশন লাভ করে পেশোয়ারে ফাইটার স্কোয়াড্রনে যোগ দেন। পরে রিসালপুরে ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবেও সুনাম অর্জন করেন।
পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত থাকলেও মতিউর রহমানের হৃদয়ে ছিল নিজের মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও দেশাত্মবোধক গানের অনুরাগী এই বৈমানিক পশ্চিম পাকিস্তানে থেকেও বাংলা চলচ্চিত্র দেখতেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন। কর্মজীবনে বাঙালিদের প্রতি বৈষম্য ও বিদ্বেষপূর্ণ আচরণ তিনি প্রত্যক্ষ করেন। বিমান দুর্ঘটনার পর কোর্ট মার্শালে একতরফা শাস্তির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও তাঁর মনে বঞ্চিত বাঙালির বাস্তবতা আরও গভীরভাবে উপলব্ধি করতে ভূমিকা রাখে।
১৯৭০ সালের শেষ দিকে ছুটিতে দেশে এসে তিনি দেখেন বাঙালির স্বাধিকার আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে না গিয়ে তিনি আন্দোলন ও মিছিলে যুক্ত হন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে নরসিংদীতে স্থানীয় যুবকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেন। ২৫ মার্চের গণহত্যা ও পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের পর তিনি মুক্তিযুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখার চিন্তা করেন। এ লক্ষ্য সামনে রেখে মে মাসে সপরিবারে পশ্চিম পাকিস্তানে ফিরে গিয়ে সুযোগের অপেক্ষায় থাকেন।
বাঙালি বৈমানিকদের ওপর পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও বিধিনিষেধের মধ্যেও মতিউর রহমান তাঁর লক্ষ্য থেকে সরে আসেননি। ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মাশরুর বিমানঘাঁটিতে তিনি একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে স্বাধীনতার পক্ষে যোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানটি বিধ্বস্ত হলে পাকিস্তানের থাট্টা এলাকায় তিনি শহীদ হন। স্বাধীনতার ৩৫ বছর পর, ২০০৬ সালে তাঁর দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন আজকের প্রজন্মের কাছে শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়; এটি আত্মপরিচয়, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা। ব্যক্তিগত সাফল্য, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ জীবন যখন অনেকের কাছে মুখ্য হয়ে ওঠে, তখন তাঁর জীবন মনে করিয়ে দেয় বৃহত্তর স্বার্থ ও আদর্শের প্রতি দায়বদ্ধতার কথা। নিজের পেশাগত অবস্থান ও নিরাপদ ভবিষ্যতের চেয়ে তাঁর কাছে বড় ছিল মাতৃভূমির স্বাধীনতা ও মানুষের মুক্তি।
তরুণ প্রজন্ম তাঁর জীবন থেকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে। প্রথমত, স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় লক্ষ্য, অধ্যবসায় ও দক্ষতা অর্জন অপরিহার্য। দ্বিতীয়ত, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে বিবেককে জাগ্রত রেখে নৈতিক অবস্থান নেওয়ার সাহস থাকতে হবে। তৃতীয়ত, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণ ও বৃহত্তর দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে।
মিরপুরের সমাধিস্থল কিংবা রামনগরের স্মৃতিচিহ্ন আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও মর্যাদা অর্জনের পেছনে রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ, সাহস ও স্বপ্ন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আদর্শ ধারণ করে বর্তমান প্রজন্ম জ্ঞান, সততা, মানবিকতা ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলতে পারলে তাঁর আত্মত্যাগের চেতনা আরও অর্থবহ হয়ে উঠবে।
লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।









