সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

তামিলনাড়ুতে ‘বিজয় রথের’ পথে এখনো কাঁটা, শপথ নিয়ে নাটকীয়তা তুঙ্গে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
তামিলনাড়ুতে ‘বিজয় রথের’ পথে এখনো কাঁটা, শপথ নিয়ে নাটকীয়তা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক: সিনেমার নায়ক থেকে রাজনীতিতে নাম লিখিয়েই জননেতা বনে যাওয়া চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এখনই সরকার গঠন করতে পারছে না।

একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় জোট গড়তে কংগ্রেসের দ্বারস্থ হতে হয়েছে বিজয়কে। কংগ্রেস তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিলেও জট কাটেনি। উল্টো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এবং সরকার গঠনের জন্য বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। এমন পরিস্থিতিতে বিজয় ও তার দল আদালতে যেতে পারে বলে বৃহস্পতিবার খবর দিয়েছে এনডিটিভি।

এদিকে ২০১৫ সালে ‘পুলি’ নামে একটি তামিল চলচ্চিত্রের আয়কর সংক্রান্ত ‘অনিয়মের’ মামলায় বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মাদ্রাজ হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে। নিউজ এইটটিন বলছে, মামলা হলে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথে আরো জটিলতা তৈরি হতে পারে।

৪ মে ঘোষিত নির্বাচনের ফল অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪ আসনের মধ্যে টিভিকে ১০৮টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সরকার গঠনের জন্য অন্তত ১১৮টি আসন প্রয়োজন, তাই জোট গড়ার কথাই ভাবছেন বিজয়।

রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে নির্বাচনে জিতলেও বিজয়কে সরকার গঠনের জন্য দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের নেতৃত্বাধীন ‘সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ)’ অথবা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের নেতৃত্বাধীন এনডিএ জোটের সমর্থন নিতে হবে। নির্বাচনে ডিএমকে জয়ী হয়েছে ৫৯ আসন আর এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।

তবে সর্বশেষ খবর অনুযায়ী, ৫টি আসনে জয় পাওয়া কংগ্রেসের সঙ্গেই জোট করার জন্য বিজয় যোগাযোগ করেছেন। নিজেদের ১০৮ এর সঙ্গে কংগ্রেসের আসনগুলো মিলে প্রথমে ১১৩ সংখ্যায় পৌঁছাতে চায় তারা। স্বতন্ত্র হিসেবে, ছোট দলগুলোর প্রার্থীদের নিজেদের দিকে ভিড়িয়ে বাকি পাঁচটি আসন নিশ্চিত করে ১১৮ এর ‘ম্যাজিক ফিগারে’ পৌঁছাতে চায় টিভিকে।

কিন্তু তাতেও নানা জটিলতা দেখা দিয়েছে। নির্বাচনে জয়লাভ করার পর সরকার গঠনের আমন্ত্রণ পেতে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয়। তখনই শপথের আগে বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেন রাজ্যপাল। এনডিটিভি বলছে, রাজ্যপাল মনে করছেন, কংগ্রেস বিজয়কে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও সরকার গড়তে ‘ম্যাজিক ফিগার’ ১১৮-তে পৌঁছাতে বাকি আসনগুলো নিয়ে তার সন্দেহ আছে।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের এই ‘ত্রিশঙ্কু ফলাফল’ তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমী ঘটনা। কারণ গত ছয় দশক ধরে রাজ্যটিতে কেবল ডিএমকে বনাম এআিএডিএমকের মধ্যে দ্বিমুখী লড়াই চলছিল।

রাজ্যপাল অফিস সূত্রের বরাতে এনডিটিভি বলছে, বৃহস্পতিবার সকালে রাজ্যপালের সঙ্গে বিজয়ের আবার সাক্ষাৎ হয়। এ সময় বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয় বিজয়কে।

রাজ্যপাল জানতে চান, কীভাবে মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে টিভিকে সরকার পরিচালনা করবে? এ ক্ষেত্রে রাজ্যপাল আরলেকার জেদ ধরেছেন, বিজয়কে ১১৮ জন বিধায়কের সমর্থনের চিঠি দেখাতে হবে। এর বাইরে বিজয় শপথ নিতে পারবেন না।

এই অচলাবস্থা নিয়ে টিভিকি উদ্বেগ প্রকাশ করেছে এবং ইঙ্গিত দিয়েছে, রাজ্যপালকে তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে তারা আইনি লড়াইয়ে নামতে পারে। এ বিষয়ে তারা বামপন্থি দলগুলো (সিপিআই ও সিপিএম) এবং ভিডুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) সমর্থন পেয়েছে। এই তিনটি দলই ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ হলেও টিভিকে তাদের সঙ্গে আসন পরিবর্তনের বিষয়ে যোগাযোগ করেছে।

ভিজিসি প্রধান থিরুমাভালাভান এনডিটিভিকে বলেন, আমরা সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্সের সঙ্গে আছি। তবে আমরা আগামী দু-একদিনের মধ্যে বিজয়কে সমর্থনের বিষয়ে আলোচনা করব। তিনি রাজ্যপালকে বিজয়ের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, একটি নতুন সরকারকে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয় বিধানসভায়, রাজ্যপালের কাছে নয়।

বিজয়ের সমর্থনে এগিয়ে এসেছে ডিএমকেও। তামিলনাড়ুর বিদায়ি এই শাসক দল রাজ্যপালের পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ এবং জনগণের রায়ের প্রতি ‘অসম্মান’ বলে অভিহিত করেছে। তামিলনাড়ুর আরেক চলচ্চিত্র অভিনেতা কমল হাসানও বিজয়ের হয়ে সরব হয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিজয় ১০৮টি আসন জিতেছে। তাকে সরকার গড়তে আমন্ত্রণ না জানানো তামিলনাড়ুর মানুষের প্রতি অসম্মান। এটি গণতন্ত্রের ক্ষতি।
এনডিটিভির আরেক খবরে বলা হয়, কংগ্রেসের পাঁচটি আসন বর্তমানে বিজয়ের পকেটে রয়েছে। এখন বামপন্থি এবং ছোট তামিল দলগুলো বাকি আসনগুলোর সমর্থন দিলে বিজয় তার সিনেমা থেকে রাজনীতিতে আসার পূর্ণতা পাবেন। যেমনটা এর আগে সি এন আন্নাদুরাই, এমজিআর, জয়ললিতা এবং করুণানিধি করেছিলেন।

বিজয়ের হাতে এখনও কিছুটা সময় আছে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১০ মে। এর মধ্যে তাকে রাজ্যপালকে বোঝাতে হবে, তার কাছে পর্যাপ্ত আসন রয়েছে। টিভিকের সঙ্গে কংগ্রেস, বাম ও ভিসিকের মধ্যে সম্ভাব্য জোট বিজয়কে ১১৯টি আসন দেবে। তবে বিজয়ের এই যাত্রাপথে ‘কাঁটা বিছিয়ে’ দিচ্ছে বিজেপি। রাজ্যপালের মত তারাও দাবি করছে, বিজয়ের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই এবং শপথের আগেই তাকে তা প্রমাণ করতে হবে।

এদিকে কর অনিয়মের অভিযোগে বিজয়েরর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে হওয়া রিট পিটিশনও টিভিকের চিন্তা বাড়াচ্ছে।

নিউজ এইটটিনের খবরে বলা হয়, পিটিশনটি গত মাসে দাখিল করা হয়। তবে রেজিস্ট্রারি বিভাগ প্রাথমিকভাবে মামলাটি নথিভুক্ত করতে অস্বীকার করে। এর প্রেক্ষিতে ৮ এপ্রিল প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি আরুল মুরুগানের একটি ডিভিশন বেঞ্চ মামলাটির গ্রহণযোগ্যতা সাপেক্ষে রেজিস্ট্রারি বিভাগকে এটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

২০১৫ সালে ‘পুলি’ সিনেমাটি মুক্তির পর শুরু হওয়া আয়কর কার্যক্রমের ওপর ভিত্তি করেই এই পিটিশন করা হয়েছে। পিটিশনে উদ্ধৃত নথি অনুযায়ী, আয়কর বিভাগ ২০১৫ সালের সেপ্টেম্বরে বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছিল। সে সময় কিছু নথিপত্র উদ্ধার করা হয়, যাতে ওই সিনেমার জন্য বিজয়ের পারিশ্রমিক সংক্রান্ত অঘোষিত নগদ লেনদেনের ইঙ্গিত আছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Ads small one

সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় প্রতি ১০ জনে ৭ কিশোরী বাল্যবিবাহের শিকার

 

নিজস্ব প্রতিনিধি: নবম শ্রেণিতে পড়ার সময় মা কাজের তাগিদে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। সাতক্ষীরা শহরের বাড়িতে একা হয়ে পড়া মেয়েটির ওপর তখন পরিবারের কার্যকর কোনো নজরদারি ছিল না। সেই সুযোগে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে মাত্র ১৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। কিন্তু বিয়ের কয়েক মাস পার হতেই সে জানতে পারে তার স্বামী একজন পেশাদার জুয়াড়ি। পাওনাদারদের চাপ, পারিবারিক কলহ আর স্বামীর শারীরিক-মানসিক নির্যাতনের মুখে বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় সে। পরবর্তীতে পুনরায় পড়াশোনা শুরু করে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ‘এ-মাইনাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জীবনে বাল্যবিবাহের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে এই তরুণী এখন বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ভুক্তভোগী ওই কিশোরী উল্লেখ করেন, অবুঝ বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর সংসারে অশান্তি শুরু হয় এবং জানতে পারেন স্বামী নিয়মিত জুয়া খেলত ও ঋণের মধ্যে ছিল। নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের কাছে ফিরে এসে আবার পড়াশোনা শুরু করেছেন এবং ভবিষ্যতে নিজের মতো করে জীবন গড়ে তুলতে চান।
সাতক্ষীরা শহরজুড়ে আইনি ফাঁকফোকর, সামাজিক অবক্ষয় ও প্রশাসনিক নজরদারির অভাবে শতশত কিশোরীর জীবন এভাবে অনিশ্চয়তার মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রী ও পার্শ্ববর্তী ১৬ বছর বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে এই কিশোর-কিশোরী এক সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ থেকে লিখিত অঙ্গীকারনামা দেওয়া হয়েছিল যে, বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না। কিন্তু সেই অঙ্গীকারনামা অমান্য করে ছেলের বাবা রফিকুল ইসলাম সাতক্ষীরা জজ কোর্টের একজন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করিয়ে ১৫ ও ১৬ বছরের দুই নাবালক-নাবালিকাকে বিবাহবন্ধনে আবদ্ধ করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত থাকলেও আইনি ও দাপ্তরিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মহিলা বিষয়ক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাহায্য না চাইলে পুলিশ সরাসরি গিয়ে অভিযান চালাতে পারে না।
শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক জানান, খবর পাওয়ার পর অভিযুক্ত ছেলের বাবাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য অফিশিয়াল নোটিশ পাঠানো হয়েছে এবং তিনি উপস্থিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ছেলের বাবা রফিকুল ইসলামের দাবি, পরিস্থিতি বিবেচনা করে এফিডেভিটের মাধ্যমে সামাজিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, সাতক্ষীরায় বাল্যবিবাহের বর্তমান গড় হার দাঁড়িয়েছে ৭২ শতাংশে, যার মধ্যে শ্যামনগর উপজেলায় এই প্রবণতা সবচেয়ে বেশি। উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট ও অতিরিক্ত লবণাক্ততায় নিয়মিত কাজ করার ফলে কম বয়সে মেয়েদের শরীরের ত্বক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সামাজিক ভীতি থেকে অভিভাবকেরা দ্রুত বিয়ে দিয়ে দেন।
গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি হেলেনা বিলকিস জানান, ক্লিনিকে আসা গর্ভবতী নারীদের একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক। এই বয়সে সন্তান ধারণের কারণে এবং অতিরিক্ত লবণাক্ত পরিবেশের প্রভাবে তাদের উচ্চ রক্তচাপ, এপিলেপসি ও রক্তস্বল্পতার হার বেশি। নদী পার হয়ে জেলা হাসপাতালে নেওয়ার পথে যোগাযোগ ব্যবস্থার অভাবে অনেক প্রসূতির মৃত্যু ঘটে।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিয়ে বেআইনি। অসাধু নোটারি পাবলিক ও জালিয়াতি চক্র টাকার বিনিময়ে এফিডেভিট করে দিচ্ছে, যার কোনো আইনি ভিত্তি নেই।
মানবাধিকার কর্মী মাধব দত্ত জানান, কার্যকর নজরদারির অভাবের কারণেই অঙ্গীকারনামা থাকার পরও বাল্যবিবাহ রোখা যাচ্ছে না। স্থানীয় সরকারের উদ্যোগ ও সঠিক সনদ যাচাই ছাড়া বিবাহ রেজিস্ট্রি বন্ধ করা প্রয়োজন।
সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, গোপনে ও এফিডেভিটের অপব্যবহার করে বিয়ে সম্পাদন করার কারণে সব ঘটনা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না, তবে স্থানীয় নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতাপনগরে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রস্তুতিমূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
প্রতাপনগরে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রস্তুতিমূলক কর্মশালা

সংবাদদাতা: আশাশুনির প্রতাপনগরে প্রাথমিক চিকিৎসা, নিরাপদ অপসারণ ও আগাম সতর্কবার্তা বিষয়ক পরিবারভিত্তিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়াল’-এর বাস্তবায়নে, ‘সিডিডি’-এর কারিগরি সহায়তায় এবং ‘লিলিয়ান ফন্ডস’-এর অর্থায়নে ‘রেজিলেন্স বিগিনস এট হোম’ প্রকল্পের অধীনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালায় ২৫ জন প্রতিবন্ধী শিশুর কেয়ারগিভার অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন। বক্তব্য দেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মামুন আলী ও প্রজেক্ট ফোকাল এস এম মিজানুর রহমান।

আজকের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
আজকের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ৬টি হিন্দু পরিবারের ২৫ শতক জমি দখল করে বানানো খুপড়ি ঘর ও বেড়া আজ সোমবার সকাল ১০টার মধ্যে অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় কালিগঞ্জ থানার গোলঘরে অনুষ্ঠিত এক সালিশি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফতেপুর গ্রামের বাসিন্দারা জানান, আদালতের নির্দেশ অমান্য করে গত ১৪ আগস্ট রাতে গ্রাম পুলিশ সাইফুল ও তার সহযোগীরা জয়দেব রজক ও বাসুদেব রজকসহ ছয়টি পরিবারের জমিতে খুপড়ি ঘর নির্মাণ করে জমি দখল করে নেয়। পরবর্তীতে বাসুদেব রজক ও রীনা রানী রজক থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করলে শালিসি সভা ডাকা হয়।
সাবেক ইউপি সদস্য আনারুল মীর জানান, সাইফুলের পক্ষ থেকে জমির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আজ সোমবার সকাল ১০টার মধ্যে অবৈধ ঘর ও বেড়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শালিসি সভায় দক্ষিণ শ্রীপুর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ শাহজী, ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁফুই ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় উপস্থিত থেকে সিদ্ধান্তনামায় স্বাক্ষর করেন। কালিগঞ্জ থানার উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম হাওলাদারকে বদলী করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে এবং নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. শাহীন যোগদান করেছেন।