শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

শুভেন্দুর সহকারীর গতিরোধ করে ভুয়া নম্বরপ্লেটের গাড়ি, গুলি করে বাইকে আসা ব্যক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
শুভেন্দুর সহকারীর গতিরোধ করে ভুয়া নম্বরপ্লেটের গাড়ি, গুলি করে বাইকে আসা ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যার ঘটনায় ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি ও চারটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রামের দোহাড়িয়াতে চন্দ্রনাথ রথ আততায়ীর গুলিতে নিহত হন। নিজ বাড়ি থেকে মাত্র ১৭০ মিটার দূরে তাকে হত্যা করা হয়। কলকাতার উত্তর দিকের এই এলাকাটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত।

দোহাড়িয়াতে আসার পর পেছনে থেকে আরেকটি গাড়ি হঠাৎ করে সামনে এসে আড়াআড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে চন্দ্রনাথকে বহনকারী গাড়ির গতিরোধ করে। এ সময় পেছনে মোটরসাইকেলে থাকা আততায়ীরা সামনে এসে গাড়ির জানালা দিয়ে গুলি করে তাকে হত্যা করে। তারা চারটি গুলি ছুড়ে আর চন্দ্রনাথের শরীরে তিনটি গুলি লাগে: তদন্তকারীদের বরাতে জানিয়েছে এনডিটিভি।

যে গাড়িটি চন্দ্রনাথের গাড়ির গতিরোধ করে সেটি ঘটনাস্থলে ফেলেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় আততায়ীরা। পরে তদন্তে দেখা যায়, আততায়ীদের ব্যবহার করা গাড়িটির নম্বরপ্লেট নকল। এমনকি গাড়ির চেসিস নম্বরও ঘষে মুছে ফেলা হয়েছে। মোটরসাইকেলের আরোহীরা চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করে আসছিল, তাদের বাইকে কোনো নম্বরপ্লেট ছিল না।

হাসপাতালের এক চিকিৎসক পিটিআইকে জানিয়েছেন, বুকে বুলেটবিদ্ধ চন্দ্রনাথকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়, একটি গুলি তার হৃদপিন্ডে আঘাত হানে। চিকিৎসক বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বুকে দুটি গুলির আঘাত ছিল। আরেকটি গুলি তার পেটে লেগেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীদের পেশাদার বলে মনে হয়েছে। তিনি বলেন, চন্দ্রর গাড়ি আমাকে ছাড়িয়ে যাওয়ার পরই সেটি মাঝপথে থেমে যায়। আর মোটরবাইকে আসা এক ব্যক্তি গাড়ির বাম দিকে যেয়ে গুলি শুরু করে। হামলাকারীকে পেশাদার বলে মনে হয়েছে। সে গুলি করেই দ্রুত পালিয়ে যায়। একেবারে সামনে থেকে গুলি করা হয়েছে। আমি দুই রাউন্ড গুলির শব্দ শুনেছি। রাত সাড়ে ১০টি থেকে ১১টার মধ্যে ঘটনাটা ঘটেছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, এ হত্যাকান্ড ঘটাতে হামলাকারীরা চারটি মোটরসাইকেল ব্যবহার করেছে। যে গাড়িটি চন্দ্রনাথের গাড়ির গতিরোধ করেছে বলে বলা হচ্ছে, সেটি জব্দ করেছে পুলিশ।

পুলিশের ধারণা, হামলায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, তাদের ধারণা হামলাকারীরা গদ্বক ৪৭এক্স পিস্তল ব্যবহার করেছে। এ ধরনের অস্ত্র সাধারণ অপরাধীরা ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন আরেক পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে হামলার কারণ পরিষ্কার হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Ads small one

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তি

অনলাইন ডেস্ক: আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১শ’৬৫তম জন্মজয়ন্তি। ১৮৬১ সালের এই দিনে কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন সাহিত্যে বিশ্ব জয় করা বিরল প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর।

 

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সম্ভার বিপুল ও বৈচিত্রময়। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। যে বিশেষণে তাকে বিশেষায়িত করা হোক না কেনো, যেন কম হয়ে যায়। রবীন্দ্রনাথ এমন একটি নাম ও প্রতিষ্ঠান যা বাঙালির মন-মানসিকতা গঠন, চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন। শুধু সৃজনশীল সাহিত্য রচনা নয়, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র নিয়ে ভাবনাও তাকে অত্যন্ত উঁচু আসনে অধিষ্ঠিত করেছে।

 

রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদাসুন্দরী দেবী এবং বাবা জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর। তাঁর ধর্মীয় ও দার্শনিক চেতনা ছিল শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয়, মানুষের কল্যাণের জন্য যে সাধনা তাই ধর্ম। তাঁর দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন।

 

তিনি বিশ্বাস করতেন বিশ্বমানবতাবাদে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর কবিতায়, গানে, গল্পে, বিভিন্ন কর্মকান্ডে সেই দর্শনের অন্বেষণ করেছেন তিনি। তাঁর কবিতা, গান, সাহিত্যের অন্যান্য শাখার লেখনি মানুষকে আজও সেই অন্বেষণের পথে, উপলব্ধির পথে আকর্ষণ করে। তার বাণীর ঐশ্বর্যে, ভাষার নৈপুণ্যে ও মানবিক মাঙ্গলিকতার বোধে এখনো আমাদের শিশুর মতো ছুঁয়ে যান তিনি, মোহিত করেন, আনন্দিত করেন, উদ্বুদ্ধ করেন। আর তা বজায় থাকবে শতাব্দির পর শতাব্দি।

 

এবারও কবির জন্মদিনটি উদযাপনে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ঈদুল আজহার ৭ দিন ছুটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
ঈদুল আজহার ৭ দিন ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক: এবারের ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘোষণা আসে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ছুটি থাকবে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এরপর ঈদের ছুটি শুরু হবে ২৫ মে।

 

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট-সুবিধা নিশ্চিত করা।

বিপিএল ফিক্সিংকান্ডে ৫ জনের শাস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
বিপিএল ফিক্সিংকান্ডে ৫ জনের শাস্তি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ সালের আসরে ক্রিকেটারসহ অন্তত চারজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাদের শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া বিপিএলের আরও তিন আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আরেকজনকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি দুর্নীতি বিরোধী কোড বা বিধিমালার (দ্য ‘কোড’) বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন খেলোয়াড়, দলের কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (বিপিএল টি-টোয়েন্টি) এর ১২তম আসরকে কেন্দ্র করে বিসিবি ইনটেগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের প্রেক্ষিতে এই অভিযোগগুলো আনা হয়েছে। তদন্তে দুর্নীতির চেষ্টা, বেটিং বা জুয়ায় সম্পৃক্ততা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগগুলো মূলত জুয়া সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব দেওয়া, বিধিমালার অনুচ্ছেদ ৪.৩ এর অধীনে জারি করা নোটিশ পালনে ব্যর্থতা, তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতি বিরোধী কর্মকর্তার (ড্যাকো) সঙ্গে সহযোগিতা না করার সঙ্গে সম্পর্কিত। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন-

মো. লাবলুর রহমান (টিম ম্যানেজার):অনুচ্ছেদ ২.৪.৬: কোনো জোরালো কারণ ছাড়াই ড্যাকোর (উঅঈঙ) তদন্তে সহযোগিতা করতে অস্বীকার বা ব্যর্থ হওয়া (অনুচ্ছেদ ৪.৩ এর অধীনে নোটিশ পালনে ব্যর্থতাসহ)। অনুচ্ছেদ ২.৪.৭: তদন্ত কাজে বাধা সৃষ্টি বা বিলম্ব করা (তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রমাণ গোপন, মুছে ফেলা বা ধ্বংস করাসহ)।

মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক): অনুচ্ছেদ ২.৪.৬: তদন্তে ড্যাকোকে সহযোগিতা করতে অস্বীকার বা ব্যর্থ হওয়া। অনুচ্ছেদ ২.৪.৭: তদন্ত কাজে বাধা প্রদান বা বিলম্ব করা এবং তথ্য গোপন বা ধ্বংস করা।
অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার):অনুচ্ছেদ ২.২.১: ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য যেকোনো বিষয়ে বাজি ধরা বা বাজি গ্রহণ করা।

রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার): অনুচ্ছেদ ২.২.১: ক্রিকেট ম্যাচের ফলাফল বা খেলার যেকোনো পরিস্থিতির ওপর বাজি ধরা বা বাজিতে অংশ নেওয়া।

অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য নোটিশ পাওয়ার পর থেকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই পর্যায়ে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

এ ছাড়া বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামিনুর রহমানের বিরুদ্ধে ‘বিসিবি এক্সক্লুডেড পারসন পলিসি’র (বহিষ্কৃত ব্যক্তি নীতিমালা) অধীনে একটি ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। তদন্তে দেখা গেছে, তিনি জুয়া সংক্রান্ত কার্যক্রম, খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সাথে যোগাযোগের মাধ্যমে ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতিতে ভূমিকা রেখেছেন। নোটিশ পাওয়ার পর সামিনুর রহমান তার আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করে এই বহিষ্কারাদেশ মেনে নিয়েছেন।