তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে তথ্য অধিকার দিবস উদযাপিত
তালা প্রতিনিধি: ‘ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় শোভাযাত্রা, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
‘নাগরিক’ প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল জামান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা তথ্য কর্মকর্তা মুক্তি রানী ঘোষ, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক জুলফিকার রায়হান এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তালা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সুমা সরকার এবং শুভেচ্ছা বক্তব্য দেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী ম-ল।
এ সময় খলিশখালী ইউনিয়ন নাগরিক ফোরামের সম্পাদক রাজু আহমেদ, ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য রাধা রানী দাস ও উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক সরস্বতী রানী দাস বক্তব্য দেন।









