তালায় তিন মাস ধরে এসিল্যান্ড নেই, বদলি ইউএনও; ব্যাহত ভূমিসেবা
এম এম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার তালা উপজেলায় দেখা দিয়েছে প্রশাসনিক কর্মকর্তা সংকট। তিন মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় প্রশাসনিক কার্যক্রম ও ভূমিসেবা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের জমি নিবন্ধন কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ নভেম্বর তালার ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়। অন্যদিকে, তালা ও পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটি গত তিন মাস ধরে শূন্য রয়েছে। এ সময়ে দুজন কর্মকর্তাকে পদায়ন করা হলেও তাঁরা কেউই যোগদান করেননি।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেন। পরে ২০২৬ সালের ৩০ জুলাই তাঁকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালায় পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তী সময়ে চলতি মাসে নাজমুস সাকিবকে একই পদে পদায়ন করা হলেও তিনিও যোগদান করেননি।
সহকারী কমিশনার (ভূমি) না থাকায় জমির নামজারি, খারিজ, ভূমিসংক্রান্ত শুনানি, খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আদালতের নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সেবা পেতে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরেও সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
ব্যাহত ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকায় এর প্রভাব পড়েছে ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসেও। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নামজারিসহ ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম ব্যাহত হওয়ায় জমি নিবন্ধনের কাজও প্রায় বন্ধ রয়েছে। এতে জমি ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি রাজস্ব আয় ও অফিসের স্বাভাবিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইউএনওর বদলি এবং সহকারী কমিশনার (ভূমি) পদ দীর্ঘদিন শূন্য থাকায় উপজেলার প্রশাসনিক কার্যক্রমেও সমন্বয়হীনতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে দ্রুত নতুন ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পদায়নের পাশাপাশি ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।












