Oplus_131072
কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় আবহাওয়ার বৈপরীত্যে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। দিনের বেলায় তীব্র রোদ ও গরম, আর সন্ধ্যা নামতেই হালকা শীতের অনুভূতি—আবহাওয়ার এমন পরিবর্তনে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের ক্ষেত্রে অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ায় উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় রোদের তীব্রতায় বাইরে চলাচল করা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে দুপুরে গরমের অনুভূতি বেশি থাকছে। অন্যদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। দিনে গরম ও রাতে ঠান্ডার এমন পরিস্থিতিতে অনেকেই মৌসুমি অসুস্থতায় ভুগছেন।
স্থানীয়দের দাবি, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেকের সুস্থ হতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ থাকায় জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ডেঙ্গু আতঙ্কও দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে অনেকে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করাচ্ছেন। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের চাপ বাড়ছে।
আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। পাশাপাশি দিনমজুর, ভ্যানচালক ও বাইরে কাজ করা মানুষকে দিনের তীব্র রোদে বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে। ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় হালকা কাঁথা গায়ে দিতে হয়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”
এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। এতে অনেকে অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হন। এ ছাড়া এ সময়ে বিভিন্ন ভাইরাসজনিত রোগের সংক্রমণও দেখা যায়। তাই বাইরে বের হলে মাস্ক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।
চিকিৎসকদের মতে, আবহাওয়ার পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। অসুস্থ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি।
এদিকে শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরির কারিগরদের মধ্যেও ব্যস্ততা বাড়তে শুরু করেছে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ দিনের গরম ও রাতের শীতল আবহাওয়ার এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করছেন।