বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে এক লাখ টাকা আর্থিক সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে এক লাখ টাকা আর্থিক সহায়তা

শ্যামনগর প্রতিনিধি: বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে আর্থিক সহায়তা দিয়েছে বন বিভাগ। বুধবার সকাল ১০টায় খুলনায় বন সংরক্ষকের কার্যালয়ে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এক লাখ টাকার সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় বন সংরক্ষক ইমরান আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম। বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা।

বন বিভাগ ও বাবলু গাজী সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৩ মে সহযোগীদের সঙ্গে মধু আহরণের জন্য তিনি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যান। একপর্যায়ে কচিকাটা এলাকার পায়রাটুনি খালের ওপর উঠতেই পেছন থেকে একটি বাঘ তাঁকে আক্রমণ করে। এ সময় সহকর্মীরা প্রায় ৭ থেকে ৮ মিনিট ধরে চেষ্টা চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং লোকালয়ে নিয়ে আসেন।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, বৈধ অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশের পর কোনো বনজীবী বন্য প্রাণীর আক্রমণে আহত বা নিহত হলে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই সুবিধার আওতায় বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

ছবি: আহত বনজীবী বাবলু গাজীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে।

Ads small one

সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় থাকা দোকানঘর ভাড়া সংক্রান্ত একটি বৈঠক চলছিল। এ সময় কয়েকজন বহিরাগত জোরপূর্বক সভায় প্রবেশ করে এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দত্ত বলেন, বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সভা চলাকালে বহিরাগতদের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানান এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষক লাঞ্ছনার ঘটনা তিনি শুনেছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিয়ম-নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যানেজিং কমিটি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

পাইকগাছার সাংবাদিক জিয়াকে প্রাণনাশের হুমকি, রিপোর্টার্স ইউনিটির নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
পাইকগাছার সাংবাদিক জিয়াকে প্রাণনাশের হুমকি, রিপোর্টার্স ইউনিটির নিন্দা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, পাইকগাছার শরিফা নামের এক তরুণীর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের উদ্যোগ নেন সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব। বিষয়টি শরিফা খুলনায় অবস্থানরত শিমুল নামের এক ব্যক্তিকে জানান। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (৯ নভেম্বর) বেলা ২টার দিকে ০১৭১৮৪৪৪৬৭২ নম্বর থেকে সাংবাদিকের ব্যবহৃত ০১৪০০৭৫৫৭৪৪ নম্বরে ফোন করা হয়।

ফোনে অপর প্রান্তের ব্যক্তি শরিফাকে চেনেন কি না, তা জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির মনিরের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দেন। এ সময় শরিফা-সংক্রান্ত একটি ঘটনার কথা উল্লেখ করলে ওই ব্যক্তি তাঁকে মামলার ভয় দেখান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৯ নভেম্বর পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন জিয়াউদ্দীন নায়েব। জিডি নম্বর ৪৪৫।

এদিকে সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাকে শনাক্ত এবং তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

আশাশুনিতে তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে তিন আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা থানাঘাটা মাড়িয়ালা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), বড়দল গ্রামের মৃত এস এম ইউনুছ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪২), এবং প্রতাপনগরের মৃত মাজেদ হাওলাদারের ছেরে মো. মাকসুদুল রহমান (৪৫)।

এ ছাড়া সিআর-৫৬/২৬ মামলার আসামি ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেরে এস এম শাফিয়ার রহমান; নন-জিআর ১৩৬/২৬ মামলার আসামি জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০), এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জ্যোতিষ কুমার মণ্ডল।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।