বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে উপজেলা প্রশাসনের সঙ্গে নাগরিক ফোরাম ও প্রান্তিক জনগোষ্ঠীর সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
শ্যামনগরে উপজেলা প্রশাসনের সঙ্গে নাগরিক ফোরাম ও প্রান্তিক জনগোষ্ঠীর সংলাপ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ হ্রাস, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে নাগরিক ফোরাম ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে নকশীকাঁথার বাস্তবায়নে নাগরিক প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শ্যামনগর ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি ও সাবেক অধ্যাপক শাহানা হামিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এসএম আরিফুজ্জামান।

উইক্যান বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধি, নাগরিক ফোরামের সদস্য ও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, প্রজনন স্বাস্থ্যসেবা এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও সামাজিক বৈষম্য কমাতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, স্থানীয় সরকার প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রকল্পের প্রোগ্রাম অফিসার তপন কর্মকারসহ নাগরিক ফোরামের সদস্যরা।

 

Ads small one

তালায় যুবলীগ-ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
তালায় যুবলীগ-ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালার সুভাষিনীতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় তালা জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব এস কে ফারুক, যুগ্ম আহ্বায়ক আব্রাহাম রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, আসাদ ও জাকির, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী, খলিলনগর যুবদলের আহ্বায়ক করিম, ইসলামকাটি যুবদলের আহ্বায়ক মমীন, তেঁতুলিয়া যুবদলের আহ্বায়ক সবুজ ও সদস্যসচিব ওলি।

এ ছাড়া জালালপুর যুবদলের সদস্যসচিব আল আমিন, মাগুরা যুবদলের আহ্বায়ক শাহিন ও সদস্যসচিব শরজিৎ সরকার, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি জি এম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

তালায় চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
তালায় চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ৫০টি চায়না দুয়ারি জাল ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে খালের মধ্যে গড়ে ওঠা আনুমানিক ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) তালা উপজেলার সদর ইউনিয়নের জিয়ালা-নলতা গ্রামের একটি খাস খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের অবৈধ জাল ব্যবহার এবং খাল দখল করে স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার ও সরকারি খাল দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে মানুষ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় আবহাওয়ার বৈপরীত্যে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। দিনের বেলায় তীব্র রোদ ও গরম, আর সন্ধ্যা নামতেই হালকা শীতের অনুভূতি—আবহাওয়ার এমন পরিবর্তনে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের ক্ষেত্রে অসুস্থতা দীর্ঘস্থায়ী হওয়ায় উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় রোদের তীব্রতায় বাইরে চলাচল করা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে দুপুরে গরমের অনুভূতি বেশি থাকছে। অন্যদিকে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। দিনে গরম ও রাতে ঠান্ডার এমন পরিস্থিতিতে অনেকেই মৌসুমি অসুস্থতায় ভুগছেন।

স্থানীয়দের দাবি, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেকের সুস্থ হতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ থাকায় জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে ডেঙ্গু আতঙ্কও দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে অনেকে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করাচ্ছেন। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের চাপ বাড়ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। পাশাপাশি দিনমজুর, ভ্যানচালক ও বাইরে কাজ করা মানুষকে দিনের তীব্র রোদে বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। দেবহাটার ভ্যানচালক ফজর আলী বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে। ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় হালকা কাঁথা গায়ে দিতে হয়। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। এতে অনেকে অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হন। এ ছাড়া এ সময়ে বিভিন্ন ভাইরাসজনিত রোগের সংক্রমণও দেখা যায়। তাই বাইরে বের হলে মাস্ক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

চিকিৎসকদের মতে, আবহাওয়ার পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। অসুস্থ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি।

এদিকে শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরির কারিগরদের মধ্যেও ব্যস্ততা বাড়তে শুরু করেছে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই দক্ষিণ জনপদের মানুষ দিনের গরম ও রাতের শীতল আবহাওয়ার এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় পার করছেন।