তালায় বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের মামলায় পাঁচ কিশোরের জামিন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সদরের বিদ্যুৎ উপকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বারুইহাটি গ্রামের পাঁচ কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সাঈদুর রহমান দীর্ঘ শুনানি শেষে তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে ধারাবাহিক লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে একদল অজ্ঞাতপরিচয় যুবক তালা সদরের বিদ্যুৎ উপকেন্দ্রের জানালার কাচ লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে একটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের তালা উপকেন্দ্রের জেনারেল ম্যানেজার সাধন কুমার মণ্ডল বাদী হয়ে তালা থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার পর স্কুলপড়ুয়া কিশোর আসামিরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাঁদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন এবং সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বর কিশোর আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁদের পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান। শুনানি শেষে বিচারক তাঁদের বয়স বিবেচনায় জামিন মঞ্জুর করেন।









