তালায় স্কুলে চুরির চেষ্টার অভিযোগে নৈশপ্রহরীর হাতে এক ব্যক্তি আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ৩৯ নম্বর ইসলামকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বিদ্যালয়ের নৈশপ্রহরী। আটক একরামুল গাজী (৩৩) উপজেলার হাজরাকাঠি গ্রামের সালাম গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে একরামুল গাজী চুরির উদ্দেশ্যে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী তাঁকে আটক করেন। খবর পেয়ে বুধবার সকালে তালা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসীন আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন ঘটনাস্থলে যান। পরে তাঁকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।












