রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র গরম, লোডশেডিং ও পানি সংকট: এক জনপদের ত্রিমুখী দীর্ঘশ্বাস

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
তীব্র গরম, লোডশেডিং ও পানি সংকট: এক জনপদের ত্রিমুখী দীর্ঘশ্বাস

শেখ সিদ্দিকুর রহমান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি, মৎস্য ও ঐতিহ্যের জন্য পরিচিত এই জনপদ আজ তীব্র গরম, ঘন ঘন লোডশেডিং এবং নাগরিক সেবার চরম অব্যবস্থাপনার কারণে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি। একদিকে প্রকৃতির রুদ্ররূপ, অন্যদিকে বিদ্যুৎ ও পানির মতো মৌলিক চাহিদার কৃত্রিম সংকট—সব মিলিয়ে সাতক্ষীরাবাসী এখন এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অসহনীয় তাপপ্রবাহ। দিনের বেলায় পারদ ক্রমাগত ওপরে উঠছে, তাপমাত্রা প্রায়ই ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে মানুষের অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) আরও অনেক বেশি, যা শরীরকে নিমিষেই ক্লান্ত ও অবসন্ন করে দিচ্ছে।
গরমের তীব্রতায় দিনের বেলায় ঘরের বাইরে বের হওয়া যেন এক অগ্নিপরীক্ষা। রাস্তাঘাট, বাজার, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানÑসবখানেই মানুষের মাঝে ক্লান্তি ও অস্বস্তি স্পষ্ট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর, ভ্যানচালক ও রিকশাচালকরা। জীবিকার তাগিদে এই তপ্ত রোদ ও লু-হাওয়া উপেক্ষা করেই তাদের রাস্তায় নামতে হচ্ছে। কিন্তু অতিরিক্ত গরমে অল্পতেই হাঁপিয়ে ওঠায় তাদের দৈনিক আয়ও মারাত্মকভাবে কমে গেছে।
এই প্রচ- গরমের মধ্যেই আগুনে ঘি ঢালছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। শহর থেকে গ্রাম—সর্বত্রই মানুষের মুখে এখন একটাই আলোচনা, “কবে মিলবে একটু স্বস্তি?” বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু এই অজুহাত সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পারছে না।
বিশেষ করে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে আসল নরকযন্ত্রণা। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরবাড়ি যেন একেকটি উত্তপ্ত চুল্লিতে পরিণত হচ্ছে। ফ্যান বন্ধ হয়ে গেলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের কষ্ট চরমে পৌঁছায়। রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছেন অসংখ্য মানুষ। অনেক পরিবার বাধ্য হয়ে ঘরের ভেতর টিকতে না পেরে বাড়ির আঙিনা, গাছতলা, বাঁশবাগান কিংবা খোলা ছাদে আশ্রয় নিচ্ছেন সামান্য বাতাসের আশায়। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাতক্ষীরার মানুষের এই গাছতলায় রাত কাটানোর করুণ ছবি ও খবর উঠে এসেছে।
সাতক্ষীরাবাসীর এই দুর্ভোগের মধ্যেই “মরার ওপর খাঁড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি। গ্রাহকদের অভিযোগ, একদিকে ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যায় না, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং সইতে হয়, অথচ মাস শেষে ভূতুড়ে ও বর্ধিত বিলের কাগজ ঠিকই হাতে এসে পৌঁছায়। সেবার মান না বাড়িয়ে এভাবে বারবার বিদ্যুতের দাম বাড়ানোকে সাধারণ মানুষ ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখছেন। সাধারণ মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারগুলো এই বাড়তি বিলের বোঝা টানতে গিয়ে হিমশিম খাচ্ছে।
বিদ্যুৎ সংকটের এই কঠিন সময়ে সাতক্ষীরা পৌরবাসীর জন্য আরও এক বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তীব্র পানি সংকট। তীব্র গরমে যেখানে পানির চাহিদা কয়েক গুণ বেশি, সেখানে পৌরসভা থেকে পানি সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ। নাগরিকদের অভিযোগ, দিনের পর দিন কল দিয়ে এক ফোঁটা পানিও পাওয়া যায় না। রান্নাবান্না, গোসল ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য মানুষ হাহাকার করছে।
সবচেয়ে পরিহাসের বিষয় হলোÑ পৌরসভা নাগরিকদের পানি দিতে না পারলেও প্রতি মাসে নিয়মিত পানির বিল ঠিকই পাঠিয়ে দিচ্ছে! পানি সাপ্লাই না দিয়েও মাস শেষে বিলের কাগজ ধরিয়ে দেওয়ার এই অন্যায্য ও দায়িত্বজ্ঞানহীন আচরণে পৌরবাসীর মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেবা না পেয়েও কেন প্রতি মাসে বিল গুনতে হবে—এই প্রশ্ন এখন সাতক্ষীরার প্রতিটি নাগরিকের। এই ত্রিমুখী সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে জেলার সার্বিক অর্থনীতি ও সামাজিক জীবনে।
কৃষি ও মৎস্য খাতে বিপর্যয়: বিদ্যুৎ না থাকায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে। সাতক্ষীরার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো মৎস্য ঘের ও হ্যাচারি। তীব্র গরম ও বিদ্যুতের অভাবে পানি ঠান্ডা রাখার পাম্প চালানো যাচ্ছে না, ফলে মাছের ঘেরগুলো চরম ঝুঁকির মধ্যে পড়ছে। এছাড়া বরফকল, ফ্রিজিং প্ল্যান্ট এবং ছোট ছোট উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো উৎপাদন সচল রাখতে না পেরে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত: সামনে বিভিন্ন পরীক্ষা থাকলেও গরম ও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে বা মোমবাতি-জরুরি আলোর মৃদু আলোয় তাদের পড়তে হচ্ছে। পানির অভাবে এই গরমে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, যা তাদের মানসিক ও শারীরিক প্রস্তুতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।
স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসকদের সতর্কতা: চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, ডায়রিয়া, মাথা ঘোরা এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক। চিকিৎসকরা সবাইকে পর্যাপ্ত নিরাপদ পানি পান করার পরামর্শ দিচ্ছেন, অথচ সেই পানির জন্যই পৌরবাসীকে চড়া দামে বাইরে থেকে পানি কিনতে হচ্ছে।
প্রকৃতির বিরূপ পরিস্থিতি, বিদ্যুৎ সংকট, মূল্যবৃদ্ধি এবং পৌরসভার চরম পানি নিষ্ক্রিয়তার যুগপৎ আঘাতে আজ নাকাল সাতক্ষীরাবাসী। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি পানি না পেয়েও বিল দেওয়ার এই দ্বৈত ও ত্রিমুখী যন্ত্রণা দীর্ঘদিন কোনো জনপদের পক্ষেই সহ্য করা সম্ভব নয়।
সাতক্ষীরার মানুষ প্রশাসনের কাছে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করার এবং অবিলম্বে পৌরসভায় নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছেন। প্রকৃতির কাছে তাদের এখন একটাই প্রার্থনা—”একটু বৃষ্টি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আর এক ফোঁটা সুপেয় পানি।” লেখক: সাবেক ব্যাংকার

Ads small one

সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

গোলাম সরোয়ার: হঠাৎ শীতের প্রকোপ বাড়তে শুরু করায় সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা ও চিকিৎসক সংকট। জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৪৭ এবং ডায়রিয়ায় ৪৯৬ শিশু আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় ১০৮ এবং ডায়রিয়ায় ৭৫ শিশু। এ ছাড়া সাতক্ষীরার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ এবং ডায়রিয়ায় ৪৯ শিশু আক্রান্ত।

শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, ওই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, শীতের আকস্মিক পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশু রোগীর চাপ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তাঁর ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরীক্ষায় শিশুটির নিউমোনিয়া শনাক্ত হয়। কিন্তু শয্যা না থাকায় তাকে হাসপাতালের বারান্দায় রাখতে হয়েছে। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।

একইভাবে তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তাঁর দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রেখেই শিশুটিকে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও সেখানে প্রতিদিন ২০ থেকে ৩০ শিশু ভর্তি থাকে। সীমিত শয্যার মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও শীতের প্রকোপ শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স পদায়ন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরার সিভিল সার্জন চিকিৎসক আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জেলা সদরে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি বাস্তবায়নে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শীতের মৌসুমে শিশু রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কা থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যা ও চিকিৎসক সংকট নিরসন এখন জরুরি হয়ে উঠেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে উপকূলীয় এ জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।