দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে মাঠ মহড়া
সংবাদদাতা: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়াতে খুলনার দাকোপে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দাকোপ উপজেলা মাঠ প্রাঙ্গণে উত্তরণ জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয়। মহড়া ও নাট্য উপস্থাপনার মাধ্যমে তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড়ের আগে, চলাকালে ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে জনসচেতনতা ও প্রস্তুতির কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক আব্দুল মান্নান খান ও মোজাফফর হোসেন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা, স্থানীয় ঝুঁকি পর্যবেক্ষণ ও সময়োপযোগী প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগসহনশীল সমাজ গড়ে তুলতে স্থানীয় জ্ঞান, পারিবারিক প্রস্তুতি এবং জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সচেতন ও প্রস্তুত জনগোষ্ঠীই দুর্যোগের ঝুঁকি কমিয়ে জীবন, সম্পদ ও জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।







