দেবহাটায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ
দেবহাটা প্রতিনিধি: ‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে ফারিয়া দেবহাটা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের কাছে বৈজ্ঞানিক তথ্য ও ওষুধের গুণাগুণ তুলে ধরেন। তাঁরা কোনো দালাল নন এবং রোগীদের সঙ্গে তাঁদের কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক নেই। কিন্তু বর্তমানে তাঁদের বিভিন্ন স্থানে ভুল বুঝিয়ে হয়রানি ও হেনস্তা করা হচ্ছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁরা অন্যায়ভাবে গ্রেপ্তার ও অপমানের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাঁদের ‘দালাল’ আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক। অ্যারিস্টো ফার্মার প্রতিনিধি ও সংগঠনের স্থানীয় সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা একটি শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী গোষ্ঠী। অথচ সুযোগ পেলেই আমাদের ওপর চড়াও হওয়া হচ্ছে। আমরা এই অমর্যাদাকর আচরণের অবসান চাই।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওষুধ কোম্পানির মালিকপক্ষ এই সংকটে এখনো কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করেনি। নিজেদের আত্মসম্মান ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রোকন আহম্মেদ, জিসকার শিমুল কুমার, একমির আবদুল মান্নান, হেলথকেয়ারের রিপন আহমেদ প্রমুখ। বক্তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।













