দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
দীপঙ্কর বিশ্বাস: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা থানার প্রতিনিধি ইব্রাহিম খলিল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পারুলিয়া শাখার পরিচালক ওমর ফারুক রাজিব, আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক ও যুব টিমের সভাপতি শেখ মনিরুল ইসলাম এবং দরদি সংগঠনের প্রতিনিধি সেলিম হোসেন।
সভাপতির বক্তব্যে আহমেদ তাহমীর সিদ্দিকী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়া হয়। এ ছাড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও তুলনামূলক বড় অঙ্কের ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে যুব উন্নয়ন কার্যালয়ে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।
প্রধান অতিথি মিলন সাহা বলেন, চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার চিন্তা করতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আসা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।












