শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের পরামর্শ সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু অভিযোজন সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘এনহ্যান্সিং কোস্টাল অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (কার্ব)’ প্রকল্পের কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিয়ারাজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার, বন বিভাগের কর্মকর্তা আছাফুর রহমান ও স্থানীয় সরকার প্রতিনিধি মাহমুদা খাতুন উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফান্ডের অর্থায়নে খুলনা ও সাতক্ষীরার ছয়টি উপজেলার ২২টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। উপকূলীয় এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে ম্যানগ্রোভ বনায়ন ও বন পুনরুদ্ধার, জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলা, আর্থিক অন্তর্ভুক্তি এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে জলবায়ু অভিযোজন সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিই প্রকল্পের মূল লক্ষ্য।
সভা সঞ্চালনা করেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার মঈদুল ইসলাম ও সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান।









