দেবহাটায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা যুবদল নেতার মৃত্যু
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহছানউল্লাহ্ ডালিম (৪৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ব্যক্তিগত কাজ শেষে দুপুর দুইটার দিকে পারুলিয়া এলাকার নিজ বাড়িতে ফেরেন আহছানউল্লাহ্।
বাড়ির সামনে জমে থাকা কাদা পরিষ্কার করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা দ্রুত তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাবেক এই ছাত্রনেতার আকস্মিক মৃত্যুতে উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা মাঝ পারুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডিলার আহসান উল্লাহর মৃত্যুতে দেবহাটার খাদ্যবান্ধব ডিলারদের শোক
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আহসান উল্লাহ ডালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলার অন্য ডিলারেরা। বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহসান উল্লাহর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলার ডিলারেরা। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন ডা. অহিদুজ্জামান, দেলোয়ার হোসেন বাবলু, নুরনবী লস্কর, হিরন কুমার মন্ডল, শরিফুল ইসলাম, রাকিব হোসেন, সামছুজ্জামান, আছাদুল আলম ও সাইদুর রহমান ময়েন।









