দেবহাটায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু
দীপঙ্কর বিশ্বাস: দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়ায় শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির কমিটি ও গ্রামবাসীর আয়োজনে বুধবার (৬ মে) শুভ অধিবাসের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকরা জানান, বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ কামনায় শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু প্রচারিত তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। যজ্ঞানুষ্ঠানে দেশবরেণ্য ও দূর-দূরান্ত থেকে আসা প্রথিতযশা কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করছেন। যজ্ঞানুষ্ঠানে নাম সংকীর্তন পরিবেশন করছে মাগুরার শ্যামা সম্প্রদায় ও রূপশ্রী সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা মাধব সম্প্রদায় ও প্রভু প্রিয়া সম্প্রদায়, নড়াইলের নব নিত্যানন্দ সম্প্রদায় এবং বাগেরহাটের মঙ্গল দীপ সম্প্রদায়। অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে সেবায়েত হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ গোস্বামী। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য বাবু অসীম কুমার ঘোষ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফারহানা পারভীন (মুক্তি)। যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজক কমিটি অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।











