বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

দেবহাটায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
দেবহাটায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

দীপঙ্কর বিশ্বাস: দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়ায় শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির কমিটি ও গ্রামবাসীর আয়োজনে বুধবার (৬ মে) শুভ অধিবাসের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকরা জানান, বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ কামনায় শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু প্রচারিত তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। যজ্ঞানুষ্ঠানে দেশবরেণ্য ও দূর-দূরান্ত থেকে আসা প্রথিতযশা কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করছেন। যজ্ঞানুষ্ঠানে নাম সংকীর্তন পরিবেশন করছে মাগুরার শ্যামা সম্প্রদায় ও রূপশ্রী সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা মাধব সম্প্রদায় ও প্রভু প্রিয়া সম্প্রদায়, নড়াইলের নব নিত্যানন্দ সম্প্রদায় এবং বাগেরহাটের মঙ্গল দীপ সম্প্রদায়। অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে সেবায়েত হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ গোস্বামী। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য বাবু অসীম কুমার ঘোষ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফারহানা পারভীন (মুক্তি)। যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজক কমিটি অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

 

Ads small one

জলবায়ু সংকটে উপকূলীয় নারী: সংকট ছাপিয়ে সম্ভাবনার খোঁজে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
জলবায়ু সংকটে উপকূলীয় নারী: সংকট ছাপিয়ে সম্ভাবনার খোঁজে

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনপদ সাতক্ষীরায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও সম্ভাবনা নিয়ে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
ইউএন উইমেনের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় ‘এম্পাওয়ার: ওমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিজ (ফেজ-২)’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বর্তমানে শ্যামনগরে ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’ এবং কালিগঞ্জে ‘প্রেরণা’ বাস্তবায়ন করছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সভাপতির সূচনা বক্তব্যে জান্নাতুল মাওয়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সাতক্ষীরার উপকূলীয় নারীদের দৈনন্দিন জীবনসংগ্রাম, লবণাক্ততার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি এবং দুর্যোগের মধ্যেও তাঁদের অদম্য মানসিকতার কথা তুলে ধরেন। সভায় মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন প্রেরণার প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপিকা রাণী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিভিল জজ ও লিগ্যাল এইড অফিসার লিটন দাস এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি।
এছাড়া জেলা মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। ইউএন উইমেনের পক্ষে কাজী রাবেয়া এমি এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষে নাছরিন আহমেদ জলবায়ু অভিযোজনে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ডাব্লিউ ক্যান ও জিহা সংগঠনের সদস্যরা তৃণমূল পর্যায়ের নারীদের দাবিগুলো তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবিকা চরম সংকটের মুখে। তবে এই সংকট ছাপিয়ে অনেক নারী জলবায়ু সহনশীল কৃষি ও বিকল্প জীবিকার মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর কানিজ শাইমা।

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ পাটা ও নেট অপসারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ পাটা ও নেট অপসারণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ পাটা ও নেট অপসারণ করা হয়। মঙ্গলবার কলারোয়া সীমান্তবর্তীগ্রামের সোনাই নদীর ব্রীজ সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে দেওয়া ১৫টি চায়না ও ১০টি মশারি জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসসয় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা সরকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, বিজিবির মাদরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রমুখ। জব্দকৃত জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভাঙন কবলিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত ১০টা পর্যন্ত খোলপেটুয়া নদীর শ্যামনগরের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক আনোয়ার জাহিদ ও কনস্টেবল শাহিন।
উপজেলা সহকারী কমিশার (ভুমি) রাশেদ হোসাইন জানান, এখন কোন বালুমহাল নেই শ্যামনগরে। কিন্তু কিছু ব্যক্তি ইজারা না থাকা সত্ত্বেও ভাঙন কবলিত খোলপেটুয়ার বিভিন্ন অংশ হতে বালু উত্তোলন করছে। যার প্রেক্ষিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মত অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের আটক করতে রাতে অভিযান চালানো হয়। পরবর্তীতে একই ধারা অব্যাহত থাকবে।