দেবহাটার পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায় এবং গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্যারালাইসিসে আক্রান্ত মুনছুর সরদারের ফাঁকা বিলসংলগ্ন বাড়িতে রাতের কোনো এক সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরের অর্ধেক পুড়ে যায়।
অগ্নিকান্ডে গোয়ালঘরে থাকা কয়েকটি ছাগলের মধ্যে একটি গর্ভবতী ছাগল আগুনে পুড়ে মারা যায়, যা পরিবারটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান দেবহাটা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।









