দেবহাটার বটতলা: ইছামতীর তীরে ইতিহাসের নীরব মহিরুহ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ইছামতী নদীর তীরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর মহিরুহ। স্থানীয়দের কাছে এটি ‘বনবিবির থান’ বা ‘বটতলা’ নামে পরিচিত। প্রায় এক একর এলাকাজুড়ে ডালপালা ও অসংখ্য ঝুরি ছড়িয়ে থাকা এই বটবৃক্ষটির বয়স আনুমানিক তিন শ বছরেরও বেশি। নিবিড় ছায়াঘেরা এই স্থানে পা রাখলে এর প্রাকৃতিক গাম্ভীর্য মুহূর্তেই নিয়ে যায় অন্য এক জগতে। মনে হয়, যেন কোনো প্রাচীন গুহার শীতল ও রহস্যময় নিস্তব্ধতায় প্রবেশ করেছি।
দেবহাটার এই প্রাচীন বটগাছের সঙ্গে জড়িয়ে আছে সমৃদ্ধ এক জনপদের ইতিহাস। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, অতীতে এ অঞ্চলে বহু জমিদার ও প্রভাবশালী পরিবারের বসবাস ছিল। বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা ও আচার-সংস্কৃতির স্মৃতি থেকেই এ জনপদের নাম ‘দেবহাটা’ হয়েছে বলে ধারণা করা হয়।
ইছামতীর তীরঘেঁষা দেবহাটার টাউন শ্রীপুর একসময় ছিল অত্যন্ত বর্ধিষ্ণু জনপদ। ১৮৬৭ সালে ব্রিটিশ শাসনামলে দেবহাটাকে পৌরসভা ঘোষণা করা হয়, যা তৎকালীন খুলনা বিভাগের প্রাচীনতম পৌরসভাগুলোর অন্যতম। সে সময় টাউন শ্রীপুরে পাকা ও সুরকি ঢালাই রাস্তা, সুপেয় পানির পুকুর এবং গ্যাস পোস্টের মাধ্যমে সড়কবাতি জ্বালানোর মতো আধুনিক নাগরিক সুবিধাও ছিল। ১৯৫০-এর দশকের শুরুতে পৌরসভার কার্যক্রম বন্ধ হয়ে গেলেও এর ঐতিহ্য আজও অমলিন।
ব্রিটিশ আমলে টাউন শ্রীপুরের অন্যতম প্রভাবশালী ও জনহিতৈষী জমিদার ছিলেন ফণীভূষণ মণ্ডল (১৮৭৩–১৯৪১)। তাঁর পিতা বিপিন বিহারী মণ্ডল ছিলেন সম্ভ্রান্ত গাতিদার। শিক্ষা, চিকিৎসা ও জনকল্যাণে ফণীভূষণ মণ্ডলের অবদান এ অঞ্চলে আজও স্মরণীয়। স্থানীয়দের ধারণা, বিশাল এই বটগাছটি জমিদার ফণীভূষণ মণ্ডল কিংবা তাঁর পিতার আমলে রোপণ করা হয়ে থাকতে পারে। আবার অনেকের মতে, প্রাকৃতিকভাবেই বহু যুগ ধরে এর বিস্তৃতি ঘটেছে। বর্তমানে বটবৃক্ষ ও সংলগ্ন জমির মালিকানা স্থানীয় বাসিন্দা কিঙ্কর বাবুর হাতে থাকলেও স্থানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন কিংবদন্তির বনবিবি। বাওয়ালি, মৌয়াল, মৎস্যজীবী ও বনজীবীদের কাছে তিনি বনের অধিষ্ঠাত্রী এবং বিপদে রক্ষাকর্ত্রী। তাই ভক্তিভরে তাঁকে ‘মা বনবিবি’ নামে অভিহিত করা হয়।
বাঘ ও বনের নানা বিপদ থেকে রক্ষা এবং অনিষ্ট থেকে মুক্তি ও সমৃদ্ধি লাভের আশায় বনজীবী ও স্থানীয় মানুষ যুগ যুগ ধরে বনবিবির আরাধনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর পহেলা পৌষ এই বটতলায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বনবিবির পূজা, মানত ও গ্রামীণ মেলা। সেদিন দূরদূরান্ত থেকে আসা হাজারো মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে বটতলা প্রাঙ্গণ। হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষ এখানে মানত করতে আসেন। যা এ অঞ্চলের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন।
গাছটিকে ঘিরে স্থানীয়দের মনে রয়েছে গভীর শ্রদ্ধা ও নানা লোককথা। জনশ্রুতি আছে, গাছটি অত্যন্ত পবিত্র। কেউ জুতা পায়ে কিংবা অপবিত্র অবস্থায় গাছে উঠলে তাঁর অমঙ্গল হয়। এই বিশ্বাসের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে গাছটির ডালপালা কাটা হয় না। ফলে এর প্রাকৃতিক পরিবেশও আজ পর্যন্ত অনেকটা অক্ষুণ্ণ রয়েছে।
প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের কারণে স্থানটি নজর কেড়েছে চলচ্চিত্র নির্মাতাদেরও। দুই বাংলার খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের প্রশংসিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’-এর একটি বড় অংশের শুটিং হয়েছিল দেবহাটার এই বটতলায়। রুপালি পর্দায় বটতলার মায়াবী ও গম্ভীর রূপ মুগ্ধ করেছিল দর্শকদের।
কালের বিবর্তনে যখন চারপাশের প্রাচীন বৃক্ষ ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো হারিয়ে যাচ্ছে, তখন দেবহাটার এই শতবর্ষী বটবৃক্ষ, টাউন শ্রীপুরের পৌরঐতিহ্য এবং জমিদারি যুগের স্মৃতিচিহ্ন যথাযথ সংরক্ষণের দাবি রাখে। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে ঐতিহাসিক ও লোকজ সংস্কৃতির এই স্থানটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ইকো-ট্যুরিজম ও ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র।
লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি







সাকিবুর রহমান বাবলা