ধানদিয়ায় ৫০ শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান
আল মামুন: তালা উপজেলায় সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ‘রঙধনু কর্পোরেশন লিমিটেড’-এর পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। নেদারল্যান্ডস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শামীম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন, জ্যেষ্ঠ শিক্ষক শ্যামল কুমার পাল, রুহুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকেরা জানান, সমাজকে মাদকমুক্ত ও স্বনির্ভর করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। উপবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খ-কালীন (পার্ট-টাইম) কাজের সুযোগ তৈরি করা হয়েছে। সপ্তাহে ১৬ ঘণ্টা কাজের বিনিময়ে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই জোগান দিতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে, যেখানে অর্ধেক মূল্যে খাবার পাওয়া যাবে। ধানদিয়া বাজার এলাকায় একটি শপিং কমপ্লেক্স স্থাপন করা হয়েছে, যেখান থেকে শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে।
রঙধনু কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে এই আর্থিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।






