ধুলিহরে অসহায় বৃদ্ধাকে ‘স্বপ্নসিঁড়ি’র খাদ্যসহায়তা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র উদ্যোগে ধুলিহরে এক অসহায় ও অসচ্ছল বৃদ্ধাকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে স্বপ্নসিঁড়ির সদস্যরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ায় গিয়ে ওই শতবর্ষী নারীর হাতে চাল ও ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর জানতে পেরে স্বপ্নসিঁড়ির সদস্যরা এই সহায়তা প্রদানের উদ্যোগ নেন।
স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আইনজীবী এস এম বিপ্লব হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষের দিকনির্দেশনায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অতনু বোস, সদস্য অহিদুল ইসলাম, জাহারুল হুদা, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফয়সাল আজম এবং স্বপ্নসিঁড়ি রোভার স্কাউট গ্রুপের রোভার অবীর সরকার প্রমুখ।
স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।






