মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ধুলিহরে শতবর্ষী আছিয়া বেগমের কষ্টের জীবন, সম্বল মাত্র ৬০০ টাকার ভাতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
ধুলিহরে শতবর্ষী আছিয়া বেগমের কষ্টের জীবন, সম্বল মাত্র ৬০০ টাকার ভাতা

0-4064x3074-0-0#

জি এম আমিনুল হক: বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, চামড়া কুঁচকে গেছে। চোখে দেখেন ঝাপসা, লাঠিতে ভর দিয়েও পা কাঁপে। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার এক নির্জন এলাকায় ভাঙা টিনের কুঁড়েঘরে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে শতবর্ষী আছিয়া বেগমের। স্বামী ময়েজউদ্দিন ঢালী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। দুই ছেলের অভাবের সংসার ও নিজেদের অসুস্থতার কারণে মায়ের ঠাঁই হয়নি সেখানে। দুই মেয়েও স্বামীর সংসারে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে একাকী এই বৃদ্ধার বেঁচে থাকার একমাত্র সম্বল সরকারের দেওয়া বয়স্ক ভাতার মাসে মাত্র ৬০০ টাকা।

শনিবার (২০ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জীর্ণশীর্ণ একটি ভাঙা টিনের ঘরের সামনে বসে আছেন আছিয়া বেগম। ঘরের চালের টিনগুলো মরিচা ধরে খসে খসে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি ঢোকে, আর বেড়ার ফাঁক দিয়ে হু হু করে বাতাস আসে। ঘরের ভেতর একটি চৌকি, ছেঁড়া কাঁথা, দু-একটি মাটির হাঁড়ি আর একটি ভাঙা রান্নার চুলা ছাড়া আর কিছুই নেই।

আছিয়া বেগম জানান, কোমরে ও হাঁটুতে ব্যথার কারণে এখন আর উঠতে-বসতে পারেন না। ভাত রান্না করার মতো শারীরিক শক্তিও তাঁর নেই। প্রতি তিন মাস পর পর তিনি ১ হাজার ৮০০ টাকা বয়স্ক ভাতা পান, যা মাসে গড়ে ৬০০ টাকা পড়ে। বর্তমান বাজারে ৭০ টাকা কেজি দরে মাত্র ৫ কেজি চাল কিনতেই ৩৫০ টাকা শেষ হয়ে যায়। বাকি ২৫০ টাকায় তেল, ডাল ও ওষুধ কেনা কোনোভাবেই সম্ভব হয় না।

প্রতিবেশী কামরুল ইসলাম জানান, আছিয়া বেগম প্রায়ই না খেয়ে থাকেন। প্রতিবেশীরা মাঝে মাঝে খাবার দিয়ে আসলেও সবার ব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রতিদিন দেওয়া সম্ভব হয় না।

বয়সজনিত কারণে উচ্চ রক্তচাপ ও বাতের ব্যথাসহ নানা রোগে ভুগছেন এই বৃদ্ধা। কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখানোর সুযোগ নেই। আছিয়া বেগমের এখন একমাত্র চাওয়া—দুটি মুঠো ভাত আর মাথার ওপর একটি নিরাপদ ছাদ। মৃত্যুর আগে একটি পাকা ঘরে শান্তিতে ঘুমানোর আকুতি তাঁর। প্রতিবেশীদের ভাষ্য, রাতে ঝড়-বৃষ্টি হলে ঘরের চাল উড়ে যাওয়ার বা সাপ-পোকা ঢোকার আতঙ্কে বৃদ্ধা ঘুমাতে পারেন না। গত কালবৈশাখী ঝড়ে ঘরের একপাশের বেড়া ভেঙে যাওয়ার পর এখন পলিথিন টাঙিয়ে কোনোমতে আছেন।

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতিতে একজন মানুষের মৌলিক চাহিদা মেটাতে এই সামান্য ভাতা অপর্যাপ্ত। আছিয়া বেগমের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি উপজেলা প্রশাসন তাঁকে ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের আওতায় এনে একটি সেমিপাকা ঘর ও স্থায়ী সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করলে তাঁর শেষ জীবনটা অন্তত নিশ্চিন্তে কাটতে পারে।

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।