নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ
বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় নাভারণ হাইওয়ে পুলিশের অস্থায়ী চেকপোস্টে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি ওয়ালটন মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) এলাকায় ডা. মশিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলের বাঁ পাশের হ্যান্ডেলে ঝোলানো বাজারের ব্যাগ থেকে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ মালামাল পরিবহন রোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।









