বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা

যশোর নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

এ ঘটনায় জড়িত না দাবি করে মোটর গ্যারেজ মালিক হৃদয় দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মোবাইল ফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।

এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

আশাশুনিতে যুব-নেতৃত্বাধীন গবেষণা ও কর্মশালা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
আশাশুনিতে যুব-নেতৃত্বাধীন গবেষণা ও কর্মশালা সম্পন্ন

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নাধীন ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় উপকূলীয় আশাশুনিতে এক গবেষণা জরিপ ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে। যুব ও কিশোরী-তরুণীদের ক্ষমতায়ন এবং ক্ষতিকর সামাজিক প্রথা পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিচালিত এই প্রকল্পের অংশ হিসেবে উদারতা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে কর্মসূচিটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাধর্মী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পর্ষদের সম্পাদক মো. রবিউল ইসলাম এবং রসায়ন বিভাগের প্রধান সজল কুমার আর্ঢ্য। পুরো কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রধান জাহিদুল ইসলাম এবং উদারতা ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। উদারতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. জুবায়ের আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিক মেহেদী আলী সুজয়ের মায়ের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
সাংবাদিক মেহেদী আলী সুজয়ের মায়ের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক

সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলী (৭৪) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার সভাপতি ফারুক রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে উইক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে নাগরিক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান ও ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সবার দায়িত্ব। তিনি বলেন, বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া মাত্র প্রশাসনকে জানাতে হবে। একই সঙ্গে যৌতুক, নির্যাতন, যৌন হয়রানি ও অন্যান্য সহিংসতার বিরুদ্ধেও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন তিনি। তিনি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন নাগরিক সকলকে একসঙ্গে এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। উল্লেখ্য, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।