আশাশুনিতে ব্যবসায়ীর বিনিয়োগকৃত ও লভ্যাংশের টাকা ফেরতের আকুতি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ব্যবসায় বিনিয়োগকৃত ও লভ্যাংশের টাকা ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন এক ব্যবসায়ী। ব্যবসায়িক অংশীদারের হাতে অর্থ খুইয়ে নিঃস্ব হতে চলা আ. গফুর সরদার প্রতিকার পেতে লিখিত আবেদন করেছেন।
লিখিত অভিযোগে প্রকাশ, বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের আলহাজ আ. গফুর সরদার বুধহাটা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। এ সময় তাঁর সঙ্গে পরিচয় হয় জমি ক্রয়-বিক্রয় ব্যবসায়ী জোড়দিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আছাফুর রহমানের। মোটা অঙ্কের লাভের প্রলোভনে পড়ে আ. গফুর তাঁর ভিটেবাড়ি, ৯২ শতক বিলান জমি, তিনটি দোকান এবং ধর্মরাজের কাছে আরও চার শতক জমি বিক্রি করে ৭৭ লাখ টাকা তুলে দেন শেখ আছাফুরের হাতে। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে ব্যবসায় দুই কোটি টাকা লাভ হয়। লাভের অর্ধেক এক কোটি ও মূলধন ৭৭ লাখসহ মোট ১ কোটি ৭৭ লাখ টাকা তাঁর পাওনা হয়।
এ পর্যন্ত তিনি ফেরত পেয়েছেন ৮৪ লাখ টাকা। ব্যবসা বন্ধ হয়ে গেলেও বকেয়া ৯৩ লাখ টাকা তাঁকে ফেরত দেওয়া হয়নি। প্রায় এক বছর আগে সালিস হলেও পাওনা টাকা না দেওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। তিনি পার্টনার আছাফুরের কাছে বারবার ধরনা দিলেও নানা টালবাহনা করা হচ্ছে বলে দাবি করেন আ. গফুর সরদার। দোকান ও জমি বিক্রি করে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।












