উৎসবের আনন্দ নেই যাদের: উপকূলের ‘বাঘ বিধবারা’
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: নতুন পোশাকে আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজার উৎসবে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত উপকূলের বাঘ বিধবাদের পাশে দাঁড়িয়েছেন শুভানুধ্যায়ীরা। সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের আক্রমণে স্বামী হারানো ২২ জন নারীর মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়। সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো নারীদের সামাজিক ও অর্থনৈতিক সংকটে পাশে দাঁড়ানোর এবং তাঁদের দুর্গাপূজার আনন্দে সম্পৃক্ত করার লক্ষ্যেই লেখক, গবেষক ও সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু এ উদ্যোগ নেন।
অনুষ্ঠানে বাঘ বিধবাদের হাতে শাড়ি ও নগদ অর্থ তুলে দেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন, লেখক, গবেষক ও সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু, দৈনিক রানার পত্রিকার শ্যামনগর প্রতিনিধি অনাথ মন্ডল, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার শ্যামনগর প্রতিনিধি উৎপল মন্ডল, দৈনিক আগামীর সময় পত্রিকার শ্যামনগর প্রতিনিধি শাহাজান সিরাজ এবং সুন্দরবন প্রেস ক্লাবের সদস্য আক্তার হোসেন ও রাকিবুল ইসলাম।
উৎসবের এই সময়ে নতুন শাড়ি ও নগদ অর্থ পাওয়ার আনন্দ এই নারীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।








