নিরাপদ পানির সংকট ও জনস্বাস্থ্যের ঝুঁকি
তারিক ইসলাম
নদীমাতৃক বাংলাদেশে পানির উৎসের অভাব কখনোই ছিল না। কিন্তু সহজলভ্য এই পানি পান করার জন্য কতটা নিরাপদ, সাম্প্রতিক এক জাতীয় জরিপ সেই প্রশ্ন সামনে এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫’-এর চূড়ান্ত প্রতিবেদন ‘প্রগতির পথে’ দেশের পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এতে দেখা গেছে, দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। অর্থাৎ, দেশের প্রায় ৬৩ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত।
সাধারণভাবে নলকূপ বা সরবরাহকৃত পানি পেলেই আমরা মনে করি পানির সংকট মিটেছে। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনো পানিকে ‘নিরাপদভাবে ব্যবস্থাপিত’ বলতে হলে চারটি শর্ত পূরণ করতে হয়। পানির উৎস উন্নত হতে হবে, বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকতে হবে, প্রয়োজনের সময় পর্যাপ্ত পানি পাওয়া যেতে হবে এবং পানিতে ক্ষতিকর জীবাণু (ই-কোলাই) ও নির্ধারিত মাত্রার অতিরিক্ত আর্সেনিক থাকা যাবে না।
জরিপের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবি আর্সেনিকের সীমা বিবেচনায় নিয়ে এই চারটি শর্ত পূরণ করে এমন পানি পাচ্ছেন দেশের মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। এমনকি বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ পিপিবি আর্সেনিকের সীমা বিবেচনা করলেও নিরাপদ পানি পাওয়া মানুষের হার মাত্র ৩৯ দশমিক ৪ শতাংশ। জরিপে দেশের বিভিন্ন এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ৬ হাজার ২৯৮টি পরিবারের মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির গুণগত মান পরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে।
প্রতিবেদনের অন্যতম উদ্বেগজনক দিক হলো পানিতে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি। মলমূত্রের মাধ্যমে ছড়ানো এই জীবাণু পানিবাহিত রোগের অন্যতম কারণ। জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ১ শতাংশ মানুষের পানির উৎসে ই-কোলাই শনাক্ত হয়েছে, যা ২০১৯ সালের জরিপে ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। আরও উদ্বেগের বিষয়, উৎস থেকে পানি সংগ্রহের পর পরিবারের ব্যবহৃত পানিতে এই জীবাণুর উপস্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে। ২০১৯ সালে এ হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ।
এ পরিসংখ্যান থেকে বোঝা যায়, পানির উৎসের পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলার ঘাটতি রয়েছে। এর ফলে ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা এসব রোগে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
অন্যদিকে, আর্সেনিক দূষণের হার ছয় বছর আগের তুলনায় কিছুটা কমলেও ঝুঁকি এখনো রয়ে গেছে। ডব্লিউএইচওর নির্ধারিত মানদণ্ডের (১০ পিপিবি) চেয়ে বেশি আর্সেনিকযুক্ত পানি পান করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ, যা ২০১৯ সালে ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। আর জাতীয় মানদণ্ডের (৫০ পিপিবি) চেয়ে বেশি আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ। ২০১৯ সালে এ হার ছিল ১১ দশমিক ৮ শতাংশ। এর পাশাপাশি উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে পানির উৎসে লবণাক্ততার প্রকোপ জনজীবন ও জনস্বাস্থ্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
এমআইসিএস ২০২৫-এর তথ্য স্পষ্ট করে দিয়েছে, শুধু অবকাঠামো নির্মাণ বা নলকূপ স্থাপনের মাধ্যমে পানির প্রাপ্যতা নিশ্চিত করাই যথেষ্ট নয়; পানির গুণগত মান নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৬) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে হলে এ বিষয়ে নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ জন্য কয়েকটি সমন্বিত পদক্ষেপ জরুরি। প্রথমত, পানির উৎসের তুলনায় পরিবারের সংরক্ষিত পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি অনেক বেশি। তাই পানি সংগ্রহের পাত্র নিয়মিত পরিষ্কার করা, ঢেকে রাখা এবং পানি ফুটিয়ে বা উপযুক্ত পদ্ধতিতে বিশুদ্ধ করে পান করার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।
দ্বিতীয়ত, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত পানির উৎস পরীক্ষা করে আর্সেনিক, জীবাণু ও লবণাক্ততার মাত্রা নির্ণয় করতে হবে। দূষিত উৎসগুলো চিহ্নিত করে সেগুলোর পরিবর্তে নিরাপদ পানির বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
তৃতীয়ত, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির উৎসে জীবাণুর দূষণ কমাতে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ত্রুটিপূর্ণ সেপটিক ট্যাংক ও অস্বাস্থ্যকর ল্যাট্রিনের যথাযথ সংস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি।
চতুর্থত, উপকূলীয় ও লবণাক্ততাপ্রবণ এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুরের পানি ফিল্টার করার ব্যবস্থা (পিএসএফ) এবং গভীর নলকূপসহ উপযোগী নিরাপদ পানির উৎস স্থাপনে বিশেষ বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি এসব ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা প্রয়োজন।
নিরাপদ পানি শুধু মানুষের মৌলিক চাহিদা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। দেশের বিপুলসংখ্যক মানুষকে অনিরাপদ পানির ঝুঁকিতে রেখে সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠন সম্ভব নয়। তাই জাতীয় জরিপের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে নিরাপদ পানির প্রাপ্যতা ও গুণগত মান নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
লেখক: তরুণ লেখক ও চিন্তক, পরিবেশ ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।












