নিহত শিশু ফারজানার পরিবারকে সমবেদনা ও ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি রবিউল বাশার
আহাদুজ্জামান আহাদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের এনামুলের মেয়ে, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা পরিদর্শনে যান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
পরিদর্শনের শুরুতে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি পরিবারের স্বজনদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরবর্তীতে সংসদ সদস্য ফারজানার কবর জিয়ারত করেন এবং তার বিদেহী রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে তিনি স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে ঘটনার নানা দিক সম্পর্কে অবগত হন এবং তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এমপি রবিউল বাশার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এরপর তিনি ফারজানার বিদ্যালয়ে ৬৯ নম্বর কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষকদের কাছ থেকে ফারজানার পড়াশোনা ও ঘটনার পেছনের প্রেক্ষাপট নিয়ে তথ্য সংগ্রহ করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই দিন সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কাওসার আজিজ নিহতের বাড়িতে গিয়ে ফারজানার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।












