রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার পরের কোনও এক সময় উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এসব ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়েতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সংঘর্ষ, গোলাগুলি ও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের অন্তত ১২ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে লোকজনকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে এবং একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক নেতা বলেন, পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারেন এমন তথ্য ছিল। এ আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে সেখানে অবস্থান করছিলেন। রবিবার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনও ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতেও প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ads small one

আর্জেন্টাইন কোচের অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
আর্জেন্টাইন কোচের অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা যেন কাটছেই না। কোচ বদল করেও ভাগ্যের পরিবর্তন হয়নি ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটির। মাউরিসিও পচেত্তিনোর অধীনে নিজেদের প্রথম দুই প্রিমিয়ার লিগ ম্যাচেই ৪-০ গোলে হেরেছে তারা। সর্বশেষ শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে একই ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।

এর আগে পচেত্তিনোর অভিষেক ম্যাচে লিভারপুলের মাঠে ৪-০ গোলে হেরেছিল ইউনাইটেড। এবার নিজেদের মাঠেও একই ব্যবধানে হারতে হলো তাদের। দুই ম্যাচে আট গোল হজম করলেও একটিও দিতে পারেনি দলটি।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করেন ক্যালাম উইলসন। ১৯ মিনিটে দাঙ্গো ওউয়াত্তার পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। ৩২ মিনিটে একই সতীর্থের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৮২ মিনিটে ক্রিস্টোফার আয়ের গোল করে ব্রেন্টফোর্ডের জয় নিশ্চিত করেন। যোগ করা সময়ে কেভিন শাডে চতুর্থ গোলটি করলে ইউনাইটেডের মাঠে হতাশা আরও বাড়ে।

এই হারে ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচে হার, একটি জয় ও পাঁচটি ড্র তাদের এমন দুরবস্থার কারণ। তলানির দল ক্রিস্টাল প্যালেসের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে তারা। প্যালেস নিজেদের পরের ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার তলানিতেও নেমে যেতে পারে ইউনাইটেড।

ম্যাচ শেষে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে খেলোয়াড়দের। অনেক সমর্থক খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পচেত্তিনোও।

তিনি বলেন, ‘৪-০ গোলে হারলে পরিস্থিতি ভালো দেখায় না। আমরা একসঙ্গে থাকব এবং উন্নতির চেষ্টা চালিয়ে যাব। পরিস্থিতি বদলানোর জন্য কাজ করতে হবে। এখানে আসার সময়ই আমরা জানতাম, চ্যালেঞ্জটা কঠিন।’

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ইউনাইটেডকে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টাইন এই কোচ। কিন্তু এখন পর্যন্ত তাঁর অধীনে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেই বড় ব্যবধানে হারল দলটি। ফলে ওল্ড ট্রাফোর্ডে সংকট আরও গভীর হয়েছে।

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

পুলিশের এসবি’র সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী-সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়।

রবিবার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট তথ‍্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে নির্বাচনকে ফ্রি, ফেয়ার, ইকুইটেবল ও নিউট্রাল—এ ধরনের বিশেষণ দিয়ে উল্লেখ করতে হয়। উন্নত বিশ্বে নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ ব্যবহারের প্রচলন নেই। নির্বাচন বলতে বোঝায়, ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। এটাই নির্বাচনের প্রকৃত অর্থ। তাই নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতায় কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক দলও এ নির্বাচনের প্রশংসা করেছে। কোনও ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকলে কমিশনের পক্ষে এমন নির্বাচন আয়োজন সম্ভব হতো না।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সিইসি বলেন, কমিশন প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায়। দেশের কোটি কোটি মানুষ গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন সেবা পেয়ে থাকেন। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যমেও এ বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

তিনি বলেন, দেশে প্রায় ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এ কারণে একসঙ্গে নির্বাচন না করে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপের নির্বাচন জানুয়ারি থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে না। রাজনৈতিক দলের প্রতীক থাকবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রার্থীরা মাঠে থাকবেন। রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতাদের এলাকায় প্রভাব ও প্রতিপত্তি রয়েছে। এর ফলে এ নির্বাচনে তাদের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা কঠিন। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কমিশনের অত্যন্ত প্রয়োজন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর, আমাদের দ্বিতীয় কোনও এজেন্ডা নেই। যেহেতু দলীয় কোনও নির্বাচন হচ্ছে না সেহেতু দলভিত্তিক কারও এজেন্ডা থাকার কোনও কথা নয়।

তিনি বলেন, আমরা দুই জিনিস চাই, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরেপক্ষ নির্বাচন এবং স্বচ্ছতা। ঐতিহাসিকভাবে দেখা গেছে স্থানীয় নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছ। অনেক সহিংসতা হয়। নির্বাচনে কী কী চ্যালেঞ্জ আসতে পারে এগুলো আমরা ধারণাও করতে পারছি না। যে চ্যালেঞ্জগুলো আসবে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। আমরা সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই।