মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার জেরে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে এবং অভিযুক্ত নেতার বহিষ্কারের পর ইজিবাইক চালকরা আন্দোলন স্থগিত করে পুনরায় স্বাভাবিক চলাচল শুরু করেছেন।

জানা যায়, গত শনিবার দুপুর তিনটার দিকে সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। এ সময় স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার মো. রুবেল চালককে যাত্রী নামিয়ে তার সাথে দেখা করতে বলেন। চালক গাড়ি থামিয়েই স্টার্টারের কাছে চলে গেলে যাত্রীরা ক্ষিপ্ত হন। যাত্রীদের না নামিয়ে স্টার্টারের কাছে যাওয়ার কারণে চালকের সাথে বাকবিতন্ড শুরু হয়। একপর্যায়ে সেই যাত্রীদের একজন তার ছেলে রুবেলকে ডেকে আনেন। অভিযুক্ত রুবেল সরদার পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দলবল নিয়ে সংঘবদ্ধভাবে ইজিবাইক স্ট্যান্ডে এসে চালকসহ স্ট্যান্ডের স্টার্টার ও কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী রুবেলের শাস্তির দাবিতে রবিবার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করেন এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এর ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।

পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছিলেন এবং দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছিল। বিগত দিনে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদ্দুস ও মনিরুজ্জামান মন্টু এবং বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয়ভাবে এই দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের পর ইজিবাইক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের ধন্যবাদ জানান। পরবর্তীতে তারা তাদের বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন, যার ফলে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে।

Ads small one

অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ
সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম নিজ গাড়িতে করে অজ্ঞাত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান এবং নিজের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তিটি সাতক্ষীরা সদর হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় জানা থাকলে অথবা কেউ তাকে চিনে থাকলে দ্রুত তার স্বজনদের বিষয়টি জানানোর অনুরোধ করা হচ্ছে।

শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
শ্যামনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে শ্যামনগরের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে।

 

নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল তার এক সঙ্গীকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে শ্যামনগর উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শুভঙ্কর মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শুভঙ্কর মন্ডল।

এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলে থাকা শুভংকরের সঙ্গী। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শ্যামনগর থানার উপ-পরিদর্শক চিরঞ্জিব গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

 

সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
সুন্দরবনে স্মার্ট টহল দলের অভিযানে ৬ নৌকাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে নিয়মিত অভিযানে গত এক সপ্তাহে বিপুল পরিমাণ মাছ, কাঁকড়া ও অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে সাতক্ষীরা-০১ স্মার্ট টহল দল। এ ঘটনায় বন আইনে চারটি মামলা (ইউডিওআর) দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টহলকালীন সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি নৌকা, ১টি বৈঠা, ৪টি দাঁড়, ২৫০ মিটার দোনদড়ি, ১০০টি আটন, ৪৫ কেজি কাঁকড়া, ২টি কলজাল এবং আনুমানিক ১৫০ কেজি সাদা মাছ জব্দ করা হয়।
এছাড়া অভিযানে ২টি ড্রাম, হাঁড়ি-পাতিল, ২টি ককসেট ও ৬টি প্লাস্টিকের ঝুড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সাদা মাছ ও কাঁকড়া আদালত চত্বরে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্মার্ট টহল দলের অভিযানের ফলে সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।