পাইকগাছায় পাউবোর জায়গায় উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১ ঘর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্কেভেটর (ভেকু) দিয়ে ১১টি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
পাউবো সূত্রে জানা গেছে, অফিস কলোনির সীমানা প্রাচীরের ভেতর দীর্ঘদিন ধরে বেশ কিছু পরিবার ঘরবাড়ি নির্মাণ করে অবৈধভাবে বসবাস করে আসছিল। জায়গাটি খালি করে দেওয়ার জন্য পাউবোর পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও কেউ কর্ণপাত করেননি। পরবর্তী সময়ে তাঁদের দুই দফা আইনি নোটিশ দেওয়া হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো হয়।
পাউবোর উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, “সরকারি জায়গা খালি করতে তাঁদের বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা জায়গা না ছাড়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”
উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী এবং পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক। এ ছাড়া আরডিসিও আরিফুজ্জামান আরিফ ও পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করে।
উচ্ছেদের সময় ক্ষতিগ্রস্তদের কয়েকজন দাবি করেন, যে জমিতে তাঁরা বসবাস করছিলেন তা তাঁদের নিজস্ব সম্পত্তি। তবে এ দাবি নাকচ করে দিয়ে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন,
“সব ধরনের নিয়মকানুন মেনেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাউবোর অফিস কলোনির অভ্যন্তরীণ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” অভিযান শেষে পাউবোর উদ্ধারকৃত জায়গা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কর্তৃপক্ষ।









