বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ এবং অংশীদারদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি জানিয়েছেন, তার এই সফরের উদ্দেশ্য হলো ‘দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক অগ্রগতি নিয়ে পরামর্শ করা।’

আরাঘচি তার মন্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সরাসরি কোনও ইঙ্গিত না দিলেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের কর্মকর্তারা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় পর্ব আয়োজনের প্রচেষ্টা জোরদার করেছেন।

শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তান সফরে যাওয়ার কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে সিনহুয়ার খবরে বলা হয়েছিল, আলোচনা প্রক্রিয়া সহজতর করার জন্য যুক্তরাষ্ট্রের লজিস্টিকস ও নিরাপত্তা দল এরই মধ্যে ইসলামাবাদে অবস্থান করছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি পাকিস্তান ছাড়াও ওমান ও রাশিয়া সফর করবেন।

৪০ দিন ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে এবং গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

Ads small one

বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা

শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, মানুষের হয়ে বিভিন্ন কাজও করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমনই একটি ব্যক্তিগত এআই এজেন্ট ‘মিউজ’ উন্মোচন করেছে মেটা। এটি ব্যবহারকারীর লক্ষ্য পূরণে সক্রিয়ভাবে সহায়তা করবে, বিভিন্ন পরামর্শ দেবে এবং প্রয়োজন অনুযায়ী নিজে থেকেই কাজ এগিয়ে নেবে।

মেটার নতুন এই এআই এজেন্টটি তৈরি করা হয়েছে নিরাপত্তা ও গোপনীয়তার ওপর গুরুত্ব দিয়ে। মিউজ পরিচালিত হবে ‘মিউজ সিকিউর ভিএম’ নামের একটি বিশেষ ভার্চুয়াল মেশিনে, যেখানে এজেন্ট ও ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত থাকবে। মিউজ অ্যাপ বা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য কারও সঙ্গে মেসেজ চালাচালির মতো করেই এর সঙ্গে কথা বলা যাবে।

মিউজকে কাজ দিতে শুধু কী করতে হবে তা জানালেই হবে। এরপর ‘মিউজ স্পার্ক’ মডেলের মাধ্যমে সেটি কাজ শুরু করবে। মেটার দাবি, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম মডেল, যা বাস্তব জীবনের এজেন্টভিত্তিক কাজের জন্য তৈরি।

কীভাবে কাজ করবে মিউজ

অন্যান্য এজেন্টের তুলনায় মিউজ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা ছাড়াই যে কেউ এটি ব্যবহার করতে পারেন। ই-মেইল পাঠানো বা ভ্রমণ বুকিংয়ের মতো সাধারণ কাজের পাশাপাশি বড় কোনও লক্ষ্য পূরণেও এটি সহায়তা করতে পারবে।

কোনও লক্ষ্য জানালে মিউজ ব্যক্তির জন্য একটি নিজস্ব পরিকল্পনা তৈরি করবে, সময় ও প্রয়োজনীয় সম্পদ সমন্বয় করবে এবং এরপর নিজে থেকেই কাজ এগিয়ে নেবে। এটি ব্রাউজার খুলতে, বিভিন্ন ফর্ম পূরণ করতে এবং ব্যবহারকারীর হয়ে দর-কষাকষিও করতে পারবে।

কোনও কাজ শেষ হতে সময় লাগলে অ্যাপ বন্ধ করে দিলেও মিউজ কাজ চালিয়ে যাবে। পরিস্থিতিতে পরিবর্তন এলে বা ই-মেইল পাঠানো কিংবা কেনাকাটার মতো সংবেদনশীল কাজের আগে অনুমতির প্রয়োজন হলে এটি আবার ব্যবহারকারীর কাছে ফিরে আসবে।

মিউজ কম পরিশ্রমে আরও ভালো ফল পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে। যেমন গাড়ি বেশি দামে বিক্রি করা, কোনও বিল কমানো কিংবা জীবনের অন্যান্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ পরিকল্পনা বদলে দেওয়া।

নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবেনিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
অনলাইন কেনাকাটাতেও মিউজ

কেনাকাটার সময় মিউজ স্ট্রাইপের তৈরি ‘লিংক’ ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। মেটার দাবি, লিংক-এর ক্রয় সুরক্ষা সুবিধার আওতায় থাকা প্রথম এআই এজেন্ট মিউজ। এতে ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া পণ্যের জন্য বিনামূল্যে সুরক্ষা, দাম কমে গেলে সুবিধা, অতিরিক্ত ফি ছাড়া ফেরত এবং যোগ্য পণ্যে রিটার্ন গ্যারান্টির মতো সুবিধা রয়েছে।

লিংক-এর এজেন্ট ওয়ালেট একবার ব্যবহারযোগ্য কার্ড তৈরি করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য গোপন থাকবে। শিগগিরই আরেকটি পেমেন্ট পদ্ধতি হিসেবে ‘শপ পে’ এবং আগে থেকে থাকা লগইন ব্যবহারের জন্য ‘ওয়ানপাসওয়ার্ড’ সমর্থনও যুক্ত হবে।

মিউজ ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। ফলে ব্যবহারকারী নতুন করে নির্দেশ না দিলেও এটি বিভিন্ন পরামর্শ দিতে পারবে এবং আগে একবার বলা তথ্য কাজে লাগাতে পারবে।

উদাহরণ হিসেবে, ইনস্টাগ্রামে সংরক্ষণ করা কোনও রেসিপির রিল থেকে এটি বাজারের তালিকা তৈরি করতে পারবে, ডিনার পার্টির জন্য মেনু সাজেস্ট করতে পারবে এবং অতিথিদের খাবারসংক্রান্ত বিধিনিষেধ মনে রেখে আমন্ত্রণ পাঠানোর আগে তা বিবেচনায় নিতে পারবে।

নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

ব্যক্তিগত এআই এজেন্টের জন্য নতুন ধরনের নিরাপদ কম্পিউটার প্রয়োজন উল্লেখ করে মেটা ‘মিউজ সিকিউর ভিএম’ তৈরি করেছে। মেটার দাবি, এতে গোপনীয়তা, নিরাপত্তা ও সুরক্ষার বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

মিউজ ক্লাউডে নিজস্ব একটি আলাদা কম্পিউটারে চলবে। এটি এমনভাবে বিচ্ছিন্ন থাকবে, যাতে অন্য কোনও ব্যবহারকারীর এজেন্ট সেখানে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীর সংযুক্ত বিভিন্ন সেবার তথ্য ও পরিচয় যাচাইয়ের তথ্যও সেখানে নিরাপদে সংরক্ষিত থাকবে।

একই কম্পিউটারে ‘সেন্টিনেল’ নামে আলাদা একটি এজেন্ট কাজ করবে, যা সিস্টেম পর্যায়ে মিউজ থেকে বিচ্ছিন্ন থাকবে। সেন্টিনেল অনুমোদন না করলে মিউজের কোনও কাজই ইন্টারনেটে পৌঁছাতে পারবে না। প্রয়োজন হলে ব্যবহারকারীর অনুমতিও চাইবে এটি।

মিউজ ব্যবহারকারীর পাসওয়ার্ড বা পেমেন্ট পদ্ধতি দেখতে পারবে না। শেয়ার করা পরিচয় যাচাইয়ের তথ্য নিরাপদ সংরক্ষণে রাখা হবে, যাতে মিউজ সেগুলো না দেখেই ব্যবহার করতে পারে।

ই-মেইল পাঠানো বা কেনাকাটার মতো সংবেদনশীল কাজের আগে মিউজ ব্যবহারকারীর অনুমতি নেবে। একই সঙ্গে এটি এখন পর্যন্ত কী করেছে এবং সামনে কী করতে চায়, তার পূর্ণ অডিট ট্রেইল দেখাবে।

কোন কোন অ্যাপের সঙ্গে মিউজ যুক্ত হবে এবং কতটা প্রবেশাধিকার পাবে, তা ব্যবহারকারীই নির্ধারণ করবেন। ই-মেইলের ক্ষেত্রে মিউজ শুধু মেইল পড়বে, নাকি ব্যবহারকারীর হয়ে মেইলও পাঠাতে পারবে- সেটিও ঠিক করে দেওয়া যাবে।

যেকোনও সময় প্রবেশাধিকার পরিবর্তন বা কোনও সেবা বিচ্ছিন্ন করা যাবে। মেটার এআই মডেল প্রশিক্ষণে নিজেদের কথোপকথন ব্যবহার না করার সুযোগও থাকবে ব্যবহারকারীদের।

মিউজ ব্যবহারকারীর কথোপকথন বা তাদের ভার্চুয়াল মেশিনে থাকা তথ্য মেটার বিজ্ঞাপন ব্যবস্থার সঙ্গে শেয়ার করবে না। আবার মিউজ যে তথ্য মনে রেখেছে, ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কোনও তথ্য ‘ভুলে যেতে’ বলতেও পারবেন।

চলতি বছরের শেষের দিকে ‘মিউজ কনফিডেনশিয়াল ভিএম’ চালুর পরিকল্পনা রয়েছে মেটার। এতে ব্যবহারকারীর তথ্য ও মিউজের সঙ্গে কথোপকথনসহ পুরো ভার্চুয়াল মেশিন এমন একটি চাবি দিয়ে এনক্রিপ্ট করা হবে, যা শুধু ব্যবহারকারীর কাছে থাকবে। ফলে মেটাও এসব তথ্য দেখতে পারবে না।

কোথায় চালু হচ্ছে মিউজ

মেটার পরিকল্পনা অনুযায়ী, মিউজ যুক্তরাষ্ট্রে আইওএস, অ্যান্ড্রয়েড ও মিউজ.এআইতে চালু হচ্ছে। শিগগিরই এটি এআই-চালিত চশমাতেও আসবে।

অধিকাংশ প্রয়োজনীয় কাজের জন্য মিউজ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে আরও বেশি সুবিধা নিতে চাইলে সাবস্ক্রিপশন প্ল্যান থাকবে।

মেটার মতে, ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স ভবিষ্যতে মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। মিউজ সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ- যার মাধ্যমে এআই মানুষের আরও বেশি কাজের দায়িত্ব নেবে, যাতে তারা নিজেদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে পারেন।

সূত্র: মেটা

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না

 

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে ছবি দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে হবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কামাল হোসেন মিয়াজী বলেছেন, রুল খারিজ করে দিয়েছেন আাদালত। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।

আদালতে ইসলামী শরীয়ত মতে পর্দা করেন বলে জানিয়ে রিট আবেদনটি ২০২২ সালে দায়ের করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। রিট আবেদনে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।

ওই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বরাবরে একটি আবেদন করে সুমাইয়া আহমাদ মুনা। সেখানে বলা হয়, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম মহিলা এবং সম্মানিত দ্বীন ইসলামের শরীয়তের হুকুম আহকাম নিয়মিতভাবে পালন করে থাকেন। সেকারণে যেকোনও প্রকার ছবি তোলা থেকে বিরত থাকেন। যার ফলে তার পরিচয়পত্র নাই। কিন্তু পরিচয়পত্র না থাকায় নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় পদক্ষেপ চান। কিন্তু আবেদন নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করেন।

এ রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ আদালত রুল জারি করেছেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় তথা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। যেটি বুধবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এদিকে রুল জারির সময় রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, এ আবেদনটাই সংবিধান পরিপন্থি। হজ করতে গেলেও ছবি তুলতে হয়। অ্যাকাউন্ট করতে গেলেও ছবি লাগবে। ছবি না দিলে ওনার টাকা যদি অন্য কেউ নিয়ে যায়, এটার কী হবে। আর বায়োমেট্রিক করতে হলে চোখের আইরিশ লাগবে। তখনতো পর্দা উঠাতে হবে।

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির।

তিনি জানান, বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু-পানি-মাটি-শব্দদূষণ নিয়ন্ত্রণ-বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে ‘পরিবেশ দুষণ বন্ধে’ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথ দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান সহকারী প্রেস সচিব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।