পাটকেলঘাটায় পানের বরজে চুরি, গ্রেপ্তার ২
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় একটি পানের বরজে চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে রাতে পাটকেলঘাটা থানার খলিষখালী এলাকার বাসিন্দা অসিত পালের পানের বরজে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বরজের মালিক অসিত পাল বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় খলিশখালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুর রহমানকে। তদন্ত ও স্থানীয় উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় দুধলা গ্রামের সেলিম ও হেলাল নামের দুই ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করার পর শুক্রবার রাতে সেলিম ও হেলালকে আটক করা হয়। পরে পানের বরজে চুরির মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।












