পাটকেলঘাটায় ৬ ইয়াবাসহ মাদক কারবারি আটক
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার দোলুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এনামুল হক রানা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে আটটার দিকে খলিষখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৬ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক এনামুল হক রানা পাটকেলঘাটার রামপুর গ্রামের মহর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানা দীর্ঘদিন ধরে দোলুয়া বাজারে ইয়াবা কেনাবেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওবায়দুল রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দোলুয়া বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে রানাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রানার বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এমনকি অতীতে যৌথ বাহিনীর অভিযানেও তিনি একবার আটক হয়েছিলেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, রানাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









