তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান
পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহারিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটাস্থ উপজেলা ভূমি অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার মানুষ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছিলেন। নতুন এসিল্যান্ডের যোগদানে দ্রুত ভূমিসেবা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন এসিল্যান্ড শাহারিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনভোগান্তি কমানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।









