পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ আয়নার মা রিজিয়া বেগম (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার নাথপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি মৃত নুরুল হক সরদারের স্ত্রী। শুক্রবার আসরের নামাজের পর নাথপুর ঈদগাহ চত্বরে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার মেজ ছেলে এ টি এম আবু আসাদ আয়না। রাত ৯টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজাপূর্ব আলোচনায় কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মরহুমার স্মৃতি চারণ করেন। জানাজায় সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহা. আজমল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি, শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি এবং কলারোয়া নিউজ পরিবার। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।












