পুনর্জন্ম
জ্যোৎস্না রহমান
লাশ হয়ে তুমি যে ঘরে পড়েছিলে
তার চৌকাঠে সে এসে দাঁড়াল,
জানতে চাইল মৃত্যুর কারণ।
তোমার চোখের পাতা তখন রঙিন প্রজাপতি
ডানা ঝাপটাচ্ছে, ছড়িয়ে পড়ছে পরাগরেণু,
বাতাসে ফুলের সুবাস,
হৃদয় থেকে খুঁটে খাচ্ছে খুদকুঁড়ো
অথচ তুমি অনাহারে মরেছো।
সে একটানে কাফনের কাপড় খুলে নিল,
সকলে দেখল সদ্য ফোটা ফুল হাওয়ায় দুলছে।












