প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয়েও পর্যটনে পিছিয়ে বাংলাদেশ

আমার ক্লাসে একদিন এক শিক্ষার্থী প্রশ্ন করল, “স্যার, আমাদের তো সবই আছে, তবু বিদেশি পর্যটক আসেন না কেন?” প্রশ্নটি সরল হলেও উত্তর সহজ নয়। পর্যটন নিয়ে পড়ি, পর্যটন পড়াই। তবু সেদিন নিজের কাছেই থমকে গেলাম। শ্রেণিকক্ষের তত্ত্ব আর দেশের বাস্তবতার মধ্যে যে ব্যবধান, তা যেন নতুন করে উপলব্ধি করলাম।
সেই ব্যবধানের একটি বড় প্রকাশ পরিসংখ্যানে। ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছেন প্রায় ৫ লাখ ৮৫ হাজার। একই সময়ে শ্রীলঙ্কায় গেছেন ২৩ লাখ ৬০ হাজার, মালদ্বীপে ২২ লাখ ৫০ হাজার এবং নেপালে ১১ লাখ ৬০ হাজার পর্যটক। অথচ প্রকৃতি আমাদের দিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, কক্সবাজারের সমুদ্রসৈকত, বান্দরবানের পাহাড়, শ্রীমঙ্গলের চা-বাগান, দিনাজপুরের কান্তজির মন্দির ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের মতো অসংখ্য আকর্ষণীয় স্থান। অর্থাৎ পর্যটনের সম্পদের অভাব নেই, অভাব সেগুলোকে যথাযথভাবে উপস্থাপন ও ব্যবস্থাপনার।
শুধু পিছিয়ে থাকাই নয়, পর্যটক আগমনের ধারাও উদ্বেগজনক। ২০২৩ সালে বাংলাদেশে বিদেশি পর্যটক এসেছিলেন প্রায় ৬ লাখ ৫৫ হাজার, ২০২৪ সালে ৬ লাখ ৩৩ হাজার এবং ২০২৫ সালে ৫ লাখ ৮৫ হাজার। চলতি বছরের প্রথম ছয় মাসে এসেছেন মাত্র ২ লাখ ৩৯ হাজার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৬ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে অবস্থানও সবচেয়ে নিচে।
এই সূচকের একটি বিষয় বিশেষভাবে ভাবনার। প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের বিবেচনায় বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও পর্যটনসেবা ও অবকাঠামোর ক্ষেত্রে পিছিয়ে। অর্থাৎ প্রকৃতি আমাদের যা দিয়েছে, তাতে সম্ভাবনা রয়েছে; কিন্তু সেই সম্ভাবনাকে পর্যটনশিল্পে রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগে ঘাটতি রয়েছে। আরেকটি তথ্য হলো, বাংলাদেশে আসা বিদেশিদের মধ্যে আনুমানিক ১৫ শতাংশ আসেন পর্যটনের উদ্দেশ্যে, বাকিরা মূলত কাজ ও ব্যবসায়িক প্রয়োজনে। ফলে নিছক ভ্রমণের আকর্ষণে বিদেশিদের বাংলাদেশে আসার সুযোগ আরও বাড়ানো জরুরি।
কেন বিদেশি পর্যটক বাংলাদেশে আসতে আগ্রহী হচ্ছেন না, তার কয়েকটি কারণ সামনে আসে। প্রথমত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। দ্বিতীয়ত, ভিসা প্রাপ্তির জটিলতা এবং বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা। তৃতীয়ত, পর্যটনসেবা ও অবকাঠামোর দুর্বলতা। অনেক পর্যটনকেন্দ্রে উন্নত যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, মানসম্মত খাবারের দোকান ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। চতুর্থত, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন আকর্ষণ তুলে ধরার প্রচারণাও পর্যাপ্ত নয়।
এসব সমস্যা সমাধানে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। ই-ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে। বিমানবন্দরে বিদেশি পর্যটকদের জন্য পৃথক কাউন্টার ও দ্রুত ইমিগ্রেশন সেবা নিশ্চিত করা প্রয়োজন। পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের কার্যকর উপস্থিতি, জরুরি হেল্পলাইন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভ্রমণ সতর্কতা প্রত্যাহারের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া জরুরি। পর্যটনকেন্দ্রে পরিচ্ছন্ন শৌচাগার, উন্নত সড়ক, বাংলা ও ইংরেজিতে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড, মানচিত্র ও তথ্যকেন্দ্র গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক পর্যটন মেলা ও ডিজিটাল মাধ্যমে নিয়মিত প্রচারণাও প্রয়োজন। সর্বোপরি দরকার একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পর্যটন ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে। পর্যটকদের আস্থা অর্জন এ শিল্পের অন্যতম ভিত্তি। হোটেল, রিসোর্ট ও ভ্রমণ প্যাকেজের মূল্য আগে থেকেই স্পষ্ট করতে হবে। কোনো ধরনের লুকানো খরচ বা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা পরিহার করতে হবে। গাইড ও সংশ্লিষ্ট কর্মীদের ইংরেজি ভাষা, আতিথেয়তা ও পেশাগত দক্ষতার প্রশিক্ষণ দিতে হবে। অনলাইন বুকিং, সঠিক ছবি ও তথ্য প্রকাশ এবং পর্যটকদের মতামতের যথাযথ জবাব দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
তবে শুধু সরকার ও ব্যবসায়ীদের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। একজন বিদেশি পর্যটক দেশে এসে শুধু হোটেল বা পর্যটনকেন্দ্র দেখেন না; তিনি দেখেন মানুষের আচরণ, ব্যবসায়ীদের সততা, পরিচ্ছন্নতা এবং আতিথেয়তা। বিদেশি বলে কারও কাছ থেকে অতিরিক্ত মূল্য না নেওয়া, বিপদে পড়লে সহযোগিতা করা, পর্যটনকেন্দ্রে ময়লা না ফেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের প্রকৃতি, খাবার ও মানুষের আন্তরিকতার গল্প তুলে ধরা—এসব উদ্যোগের জন্য বড় বাজেটের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু দায়িত্ববোধ ও ইতিবাচক মানসিকতা।
আশার কথা, বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ থেকে ২০৪১ মেয়াদের এই পরিকল্পনায় প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থান অন্তর্ভুক্ত হওয়ার কথা। ডিসেম্বরে পরিকল্পনাটি উদ্বোধনের সম্ভাবনা এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরুর লক্ষ্য রয়েছে। তবে যেকোনো পরিকল্পনার সাফল্য নির্ভর করে তার কার্যকর বাস্তবায়নের ওপর। অতীতে অনেক পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নের অভাবে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। এবার যেন সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি না ঘটে।
আমি একজন পর্যটন শিক্ষক। আমার শিক্ষার্থীরা ভবিষ্যতে এই শিল্পের কর্মী, উদ্যোক্তা ও নীতিনির্ধারক হবে। আমি চাই, তারা এমন একটি বাংলাদেশে কাজ করুক, যেখানে একজন বিদেশি পর্যটক ফিরে যাওয়ার আগেই বলে উঠবেন, ‘আবার আসব।’ সেই পরিবেশ তৈরির দায়িত্ব সরকার, পর্যটন ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার।
আমাদের দরজা খোলা আছে। এখন প্রয়োজন সেই দরজার সামনে একটি পরিচ্ছন্ন পথ, নিরাপদ পরিবেশ, আন্তরিক আতিথেয়তা এবং স্বচ্ছ মূল্যতালিকা। তাহলেই বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য। অতিথি আসবেন, ঘুরে দেখবেন এবং আবারও ফিরে আসতে চাইবেন।
লেখক: মো. মামুন হাসান, বিভাগীয় প্রধান, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।









